আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুরের আলফাডাঙ্গায় ফ্যামিলি কার্ড-২০২৬-এর ব্যবহারিক পরীক্ষা স্বচ্ছ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে উপজেলা পরিষদের মিনি হলরুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত নূর মৌসুমী।
সভায় ইউএনও রিফাত নূর মৌসুমী বলেন, ফ্যামিলি কার্ড-২০২৬-এর নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে প্রশাসন সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে। পরীক্ষা যাতে সুষ্ঠু, সুন্দর ও গ্রহণযোগ্য পরিবেশে সম্পন্ন হয়, সে লক্ষ্যে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, পরীক্ষা চলাকালে কোনো ধরনের অনিয়ম, অসঙ্গতি বা অভিযোগ নজরে এলে তাৎক্ষণিকভাবে প্রশাসনকে অবহিত করতে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) এ কে এম রাহানুর রহমানসহ আলফাডাঙ্গায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা।
মতবিনিময় সভায় ফ্যামিলি কার্ড-২০২৬-এর ব্যবহারিক পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনা, স্বচ্ছতা নিশ্চিতকরণ এবং সার্বিক প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
উল্লেখ্য, ফ্যামিলি কার্ড-২০২৬-এর ব্যবহারিক পরীক্ষা বুধবার (২৯ জুলাই) দিনব্যাপী অনুষ্ঠিত হবে। পরীক্ষা শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

