নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
দেশের অন্যতম শিল্পনগরী গাজীপুরকে পর্যায়ক্রমে শব্দদূষণমুক্ত, স্বাস্থ্যসম্মত ও বাসযোগ্য নগর হিসেবে গড়ে তুলতে ‘নো হর্ন’ কর্মসূচি গ্রহণ করেছে গাজীপুর জেলা প্রশাসন। সরকারি যানবাহন থেকেই এ উদ্যোগের সূচনা করা হয়েছে। আগামী ১২ সপ্তাহের মধ্যে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বয়ে শব্দদূষণ উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
বুধবার (২৯ জুলাই) জেলা প্রশাসকের কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে দপ্তর প্রধানদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এ কর্মপরিকল্পনা তুলে ধরা হয়। সভায় সভাপতিত্ব করেন গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. নূরুল করিম ভূঁইয়া।
সভায় জেলা প্রশাসক বলেন, শব্দদূষণ মানুষের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি। তাই প্রধানমন্ত্রীর নির্দেশনায় এ উদ্যোগ নেওয়া হয়েছে। এটি শুধু প্রশাসনের কর্মসূচি নয়; সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, পরিবহন সংশ্লিষ্ট ব্যক্তি, শিল্পপ্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও সাধারণ মানুষের সম্মিলিত অংশগ্রহণের মাধ্যমে গাজীপুরকে শব্দদূষণমুক্ত করা হবে।
সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, সরকারি যানবাহনে ‘নো হর্ন’ কার্যক্রম চালু, ‘সাইলেন্ট ড্রাইভিং’ স্টিকার সংযুক্তকরণ, সরকারি চালকদের অঙ্গীকারনামা গ্রহণ, শিক্ষা প্রতিষ্ঠান ও হাসপাতালসংলগ্ন এলাকাকে ‘সাইলেন্ট জোন’ হিসেবে কার্যকর করা এবং অপ্রয়োজনীয় হর্ন ব্যবহার নিরুৎসাহিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
এছাড়া শিল্পপ্রতিষ্ঠানের যানবাহনে অপ্রয়োজনীয় হর্ন ব্যবহার বন্ধে সচেতনতা, মোটরসাইকেল চালকদের নিয়ে ‘স্মার্ট রাইডার’ কর্মসূচি, গণপরিবহন চালক-মালিকদের নিয়ে মতবিনিময়, সিএনজি ও অটোরিকশা থেকে উচ্চশব্দের হর্ন অপসারণ এবং প্রধান সড়কে সচেতনতামূলক প্রচারণা চালানোর সিদ্ধান্ত হয়।
কর্মপরিকল্পনার অংশ হিসেবে অবৈধ ও উচ্চশব্দের হাইড্রোলিক হর্ন অপসারণে বিশেষ অভিযান, নীরব এলাকায় নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথাও জানানো হয়।
সভায় উল্লেখ করা হয়, বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) তথ্য অনুযায়ী দীর্ঘ সময় ৭০ ডেসিবেলের বেশি শব্দ মানুষের শ্রবণশক্তি, হৃদ্যন্ত্র, মানসিক স্বাস্থ্য ও শিশুদের স্বাভাবিক বিকাশের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। তাই শব্দদূষণ নিয়ন্ত্রণকে জনস্বাস্থ্য সুরক্ষার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচনা করছে জেলা প্রশাসন।
মতবিনিময় সভায় গাজীপুর সিটি করপোরেশনের প্রতিনিধি, পুলিশ প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন বিশ্ববিদ্যালয়, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ১২ সপ্তাহের কর্মপরিকল্পনা ধাপে ধাপে বাস্তবায়নের মাধ্যমে গাজীপুরকে শব্দদূষণ নিয়ন্ত্রণে দেশের একটি অনুসরণযোগ্য জেলায় পরিণত করার লক্ষ্য নিয়ে কাজ করা হবে।

