বাগেরহাট প্রতিনিধি
ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে এবং ফ্রি প্রেস আনলিমিটেড (Free Press Unlimited) ও আর্টিকেল ১৯-এর সহযোগিতায় বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি (বিজেপিসি) খুলনা বিভাগের প্রায় ৬০ জন সাংবাদিকের মধ্যে নিরাপত্তা সরঞ্জাম বিতরণ করেছে।
শনিবার (১ আগস্ট) খুলনার অরণ্য ইকো গার্ডেনে সকাল ৯টা থেকে বিকেল ৬টা পর্যন্ত আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের নির্বাচিত স্থায়ী সদস্যদের হাতে বুলেটপ্রুফ জ্যাকেট, সেফটি হেলমেট, ইয়ারমাফসহ বিভিন্ন নিরাপত্তা সরঞ্জাম তুলে দেওয়া হয়। এতে খুলনা বিভাগের ১০ জেলার পাশাপাশি পাবনা, গাইবান্ধাসহ দেশের বিভিন্ন জেলার সাংবাদিকরা অংশ নেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সাংবাদিকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা এ সহযোগিতার জন্য ইউরোপীয় ইউনিয়ন, ফ্রি প্রেস আনলিমিটেড ও আর্টিকেল ১৯-এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও সাংবাদিকদের সুরক্ষা ও পেশাগত সক্ষমতা বৃদ্ধিতে এমন কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।
এর আগে সংগঠনটি ২০ জন নারী সাংবাদিকের মাঝে ল্যাপটপ বিতরণ করেছিল।
বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটির সভাপতি ও কালের কণ্ঠ-এর প্রতিবেদক কৌশিক দের সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক ও গ্লোবাল টেলিভিশনের খুলনা বিভাগীয় প্রধান আনিছুর রহমান কবিরের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন খুলনা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা সারোয়ার, সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম, খুলনা সংবাদপত্র পরিষদের সাধারণ সম্পাদক ও দৈনিক খুলনা অঞ্চল-এর সম্পাদক মিজানুর রহমান মিল্টন, মাছরাঙা টেলিভিশনের খুলনা বিভাগীয় প্রধান আবু হেনা মোস্তাফা জামান, ঢাকা ট্রিবিউন-এর খুলনা প্রতিনিধি মো. হেদায়েত হোসেন মোল্লা, হিমালয় খুলনা ব্যুরো প্রধান ও উষার আলো পত্রিকার নির্বাহী সম্পাদক মো. রবিউল ইসলাম মঞ্জু এবং সিএমকেএসের নির্বাহী সদস্য আবুল হোসেন।
পরে সংগঠনের সাধারণ সভায় বাগেরহাট, মাগুরা ও মেহেরপুর জেলা কমিটি গঠন করা হয়। এতে বাগেরহাট জেলা কমিটির সভাপতি নির্বাচিত হন দৈনিক মানবজমিন-এর জেলা প্রতিনিধি শেখ আবু সাঈদ শুনু এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন গ্লোবাল টেলিভিশনের জেলা প্রতিনিধি সোহেল রানা বাবু। মাগুরা জেলা কমিটির সভাপতি নির্বাচিত হন স্টার নিউজের জেলা প্রতিনিধি মো. ইউনুছ আলী এবং সাধারণ সম্পাদক মো. আলী আশরাফ। মেহেরপুর জেলা কমিটির সভাপতি নির্বাচিত হন বাংলাদেশ প্রতিদিন-এর জেলা প্রতিনিধি মাহবুবুল হক পোলেন এবং সাধারণ সম্পাদক রাশেদ খান।
এ ছাড়া বাগেরহাট, মাগুরা, মেহেরপুর, নড়াইল, যশোর, ঝিনাইদহসহ বিভিন্ন জেলার সংগঠনের স্থায়ী সদস্য, নেতৃবৃন্দ ও বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। নিরাপত্তা সরঞ্জাম বিতরণের পাশাপাশি অনুষ্ঠিত সাধারণ সভায় সংগঠনের খুলনা বিভাগের দুই শতাধিক সদস্য অংশ নেন।

