Nabadhara
ঢাকারবিবার , ২ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুরের ভাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে যাত্রীবাহী বাস, আহত অন্তত ২০

ফরিদপুর প্রতিনিধি
আগস্ট ২, ২০২৬ ৭:০৪ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কে প্রবল বৃষ্টির মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস রাস্তার পাশের খাদে পড়ে গেছে। এ ঘটনায় অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন।

রোববার (২ আগস্ট) বিকেলে উপজেলার চুমুরদী ইউনিয়নের চুমুরদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় কবলিত বাসটি ঢাকা থেকে বরিশালের উদ্দেশে ছেড়ে আসা দশমিনা এক্সপ্রেস পরিবহনের একটি যাত্রীবাহী বাস।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, প্রবল বৃষ্টির মধ্যে বাসটি চুমুরদী এলাকায় পৌঁছালে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের পানিভর্তি খাদে পড়ে যায়। এতে বাসে থাকা যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং বেশ কয়েকজন আহত হন।

খবর পেয়ে ভাঙ্গা ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করেন। আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

বাসের এক যাত্রী অভিযোগ করে বলেন, “প্রবল বৃষ্টির মধ্যেও চালক দ্রুতগতিতে বাস চালাচ্ছিলেন। একপর্যায়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়।”

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পরপরই আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে এসে ফায়ার সার্ভিসের সদস্যদের সঙ্গে উদ্ধারকাজে অংশ নেন এবং বাসের ভেতরে আটকে পড়া যাত্রীদের নিরাপদে বের করে আনেন।

দুর্ঘটনার কারণে মহাসড়কে কিছু সময় যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হলেও হাইওয়ে পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করা হয়।

ভাঙ্গা হাইওয়ে পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার প্রকৃত কারণ তদন্ত করা হচ্ছে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রবল বৃষ্টি ও পিচ্ছিল সড়কের কারণে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।

দুর্ঘটনায় বাসটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এ ঘটনায় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।