যশোর প্রতিনিধি
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যশোরের চৌগাছা সরকারি কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আরাফাত হোসেন রাব্বিকে দল থেকে বহিষ্কার করেছে যশোর জেলা ছাত্রদল।
শনিবার জেলা ছাত্রদলের সদস্যসচিব মো. শাহ নেওয়াজ ইমরান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, যশোর জেলা ছাত্রদলের সিদ্ধান্ত মোতাবেক আরাফাত হোসেন রাব্বিকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে প্রাথমিক সদস্য পদসহ সব ধরনের সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
এতে আরও জানানো হয়, জেলা ছাত্রদলের আহ্বায়ক মো. কামরুজ্জামান বাপ্পি এবং সদস্যসচিব মো. শাহ নেওয়াজ ইমরান এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন।
উল্লেখ্য, যশোরের চৌগাছায় এইচএসসি দ্বিতীয় বর্ষের এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হন চৌগাছা সরকারি কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আরাফাত হোসেন রাব্বি।
অভিযোগ রয়েছে, জাতীয় পরিচয়পত্র তৈরির কথা বলে তিনি ওই ছাত্রীকে চৌগাছা শহরে নিয়ে যান। পরে কৌশলে তাকে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের একটি বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করেন। এতে ভুক্তভোগী অসুস্থ হয়ে পড়েন। পরে তিনি সেখান থেকে নিজ বাড়িতে ফিরে পরিবারের সদস্যদের ঘটনাটি জানান।
এরপর পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলে শনিবার রাতে পুলিশ রাব্বিকে গ্রেপ্তার করে। পরদিন রোববার জেলা ছাত্রদল তাকে সংগঠন থেকে বহিষ্কার করে।

