গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ১১ নম্বর চাঁদখানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষের তালা ভেঙে একটি সরকারি ল্যাপটপ ও একটি মাউস চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগ তুলে চুরি যাওয়া ল্যাপটপটি নিজ অর্থে কিনে দিতে নৈশপ্রহরীকে নির্দেশ দিয়েছেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা।
বিদ্যালয় সূত্রে জানা যায়, শনিবার (১ আগস্ট) দিবাগত রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা অফিস কক্ষের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে আলমারিতে রাখা সরকারি ল্যাপটপ ও একটি মাউস চুরি করে নিয়ে যায়। তবে ল্যাপটপের সরকারি ব্যাগটি ঘটনাস্থলেই ফেলে রেখে যায়।
রোববার (২ আগস্ট) সকালে বিদ্যালয়ের দপ্তরি ও নৈশপ্রহরী মো. উজ্জ্বল হোসেন তালা ভাঙা দেখতে পান। পরে তিনি প্রধান শিক্ষককে বিষয়টি জানান।
উজ্জ্বল হোসেন বলেন, “বৃহস্পতিবার বিদ্যালয় ছুটির পর অফিস কক্ষে তালা দিয়ে চলে যাই। শনিবারও এসে সবকিছু স্বাভাবিক অবস্থায় দেখেছি। রোববার সকালে এসে দেখি তালা কাটা এবং আলমারি থেকে সরকারি ল্যাপটপ ও মাউস চুরি হয়েছে। তবে ল্যাপটপের সরকারি ব্যাগটি রেখে গেছে।”
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোজাহার হোসেন বলেন, “ঘটনাটি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে জানানো হয়েছে। পাশাপাশি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. লুৎফর রহমান বলেন, “প্রধান শিক্ষককে থানায় জিডি করার নির্দেশ দেওয়া হয়েছে। নৈশপ্রহরীকে বলেছি, সরকারি মালামাল রক্ষা করা তার দায়িত্ব ছিল। দায়িত্বে অবহেলার কারণে চুরি হওয়া ল্যাপটপটি তাকে নিজ অর্থে কিনে দিতে হবে।”
তবে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম বলেন, “এ বিষয়ে এখনো বিদ্যালয় কর্তৃপক্ষ বা অন্য কেউ থানাকে আনুষ্ঠানিকভাবে অবহিত করেননি।”
এদিকে স্থানীয়দের অভিযোগ, বিদ্যালয়ের দপ্তরি ও নৈশপ্রহরীর ২৪ ঘণ্টা বিদ্যালয় প্রাঙ্গণে অবস্থান করে নিরাপত্তার দায়িত্ব পালনের কথা থাকলেও বাস্তবে তা নিয়মিতভাবে পালন করা হয় না। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং চুরি হওয়া সরকারি মালামাল দ্রুত উদ্ধারের দাবি জানিয়েছেন।

