ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের সদরপুর উপজেলার গাবতলা ও সতের রশি এলাকার দীর্ঘদিনের ভগ্নদশায় থাকা দুটি গুরুত্বপূর্ণ সড়কের পুনর্নির্মাণকাজ পরিদর্শন করেছেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল।
রোববার (২ আগস্ট) নির্মাণাধীন সড়ক দুটি সরেজমিনে ঘুরে দেখেন তিনি। এ সময় কাজের অগ্রগতি, নির্মাণের গুণগত মান এবং নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার বিষয়ে সংশ্লিষ্ট প্রকৌশলী, ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে কথা বলেন।
পরিদর্শনকালে সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল বলেন, সাধারণ মানুষের দুর্ভোগ কমাতে দ্রুত ও টেকসইভাবে সড়ক দুটির নির্মাণকাজ সম্পন্ন করতে হবে। কোনো ধরনের নিম্নমানের কাজ বরদাশত করা হবে না। নির্মাণকাজের গুণগত মান নিশ্চিত করে নির্ধারিত সময়ের মধ্যেই কাজ শেষ করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি।
তিনি আরও বলেন, সরকারের উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে ধারাবাহিকভাবে কাজ চলছে। জনগণের সুবিধাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে টেকসই অবকাঠামো নির্মাণে তাঁর তদারকি অব্যাহত থাকবে।
দীর্ঘদিন পর সড়ক দুটির পুনর্নির্মাণকাজ শুরু হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তারা নির্ধারিত সময়ের মধ্যে উন্নত মান বজায় রেখে কাজ শেষ করার দাবি জানান।

