গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় পুকুরে ভাসমান ফুটবল তুলতে গিয়ে পানিতে ডুবে সিয়াম মৃধা (৩) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সোমবার (৩ আগস্ট) সকালে উপজেলার উজানচর ইউনিয়নের দিরাজতুল্লা মৃধাপাড়া ঈদগাহ মাঠসংলগ্ন সালাম মৃধার পুকুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সিয়াম মৃধা ওই গ্রামের ব্যবসায়ী শিপন মৃধার ছোট ছেলে। তিন ভাইয়ের মধ্যে সে ছিল সবার কনিষ্ঠ।
স্থানীয় বাসিন্দা ও স্কুলশিক্ষক জহির রায়হান, জহিরুল ইসলাম পাপ্পুসহ কয়েকজন জানান, সকালে সিয়াম তার এক ভাইয়ের সঙ্গে পুকুরপাড়ে খেলছিল। এ সময় পরিবারের সদস্যরা বাড়ির কাজে ব্যস্ত ছিলেন। ধারণা করা হচ্ছে, দুই দিন ধরে পুকুরে ভাসমান একটি ফুটবল তুলতে গিয়ে সিয়াম পানিতে নেমে ডুবে যায়।
পরে সকাল ৮টার দিকে পুকুরে তার মরদেহ ভেসে উঠতে দেখে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।
শিশু সিয়ামের আকস্মিক মৃত্যুতে পরিবারে শোকের মাতম নেমে এসেছে। স্থানীয়দের মধ্যেও এ ঘটনায় গভীর শোকের ছায়া বিরাজ করছে।

