স্টাফ রিপোর্টার, নড়াইল
নড়াইলে শিক্ষাবিদ মরহুম শরীফ আতিয়ার রহমান স্মৃতি পরিষদের উদ্যোগে ২৫০ জন অসহায় চক্ষুরোগীর বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও লেন্স স্থাপনের কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩ আগস্ট) দিনব্যাপী নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের পাশের স্মৃতি পরিষদ চত্বরে এ চক্ষু ক্যাম্পের আয়োজন করা হয়। ক্যাম্পে বিভিন্ন বয়সী চক্ষুরোগীদের পরীক্ষা-নিরীক্ষা শেষে ছানি অপারেশন ও লেন্স স্থাপনের জন্য নির্বাচিত ২৫০ জনকে খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালে পাঠানো হয়।
মরহুম শরীফ আতিয়ার রহমানের ছেলে ডা. শরীফ শামীম আতীক জানান, এ নিয়ে চতুর্থবারের মতো এ ধরনের চক্ষু ক্যাম্পের আয়োজন করা হয়েছে। প্রতিবার ২৫০ জন করে মোট এক হাজার রোগীর চোখে লেন্স স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে তারা আবারও দৃষ্টিশক্তি ফিরে পান।
তিনি আরও জানান, স্মৃতি পরিষদের উদ্যোগে প্রতি মাসের শেষ শুক্রবার বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও পরামর্শ প্রদান করা হয়।
চক্ষু ক্যাম্পে উপস্থিত ছিলেন শরীফ আতিয়ার রহমান স্মৃতি পরিষদের সদস্য মাওলানা আলমগীর হোসাইন, ডা. লিজা খানম, শামীম আহমেদ শুভ, তাথৈ কীর্ত্তনিয়া, শরীফ আফরোজা, নিশাত নাবিলাসহ স্মৃতি পরিষদের অন্যান্য সদস্যরা।
আয়োজকরা জানান, ভবিষ্যতেও অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য এ ধরনের মানবিক সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

