কয়রা(খুলনা) প্রতিনিধি
সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফাহমিদা হক বলেছেন, উপকূলীয় কয়রা ও পাইকগাছাকে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন, নিরাপদ ও বাসযোগ্য অঞ্চল হিসেবে গড়ে তুলতে সরকার অঙ্গীকারবদ্ধ। এ লক্ষ্যে টেকসই বেড়িবাঁধ নির্মাণসহ একাধিক গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্প ইতোমধ্যে সংসদ ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে উপস্থাপন করা হয়েছে এবং বাস্তবায়ন প্রক্রিয়া চলমান রয়েছে।
সোমবার (৩ আগস্ট) বিকেলে পাইকগাছা উপজেলার মৎস্য গবেষণা ইনস্টিটিউটের (লোনা পানি কেন্দ্র) অডিটোরিয়ামে পাইকগাছা ও কয়রা উপজেলা বিএনপির আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পাইকগাছা উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. আব্দুল মজিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এমপি ফাহমিদা হক বলেন, সরকার জনকল্যাণমূলক বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। উন্নয়নের পাশাপাশি ধর্মীয় প্রতিষ্ঠানের ইমাম-মুয়াজ্জিনদের জন্যও ভাতা চালু করা হয়েছে। মাদক, দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে সরকারের অবস্থান কঠোর এবং এ কার্যক্রম ধারাবাহিকভাবে চলবে।
তিনি বলেন, নৈরাজ্য ও ষড়যন্ত্রকারীদের বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। মাদক ও চোরাচালানের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, শুধু বাহক নয়, মাদক কারবারের মূল হোতাদেরও আইনের আওতায় আনতে হবে।
সভায় প্রধান বক্তা খুলনা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী বলেন, সরকারি খাল দখলমুক্ত করতে হবে এবং পর্যায়ক্রমে সব খাল খননের উদ্যোগ নেওয়া হয়েছে। অপরাধী যে-ই হোক, দলীয় পরিচয় বিবেচনা না করে আইনের আওতায় আনা হবে। এলাকার উন্নয়নে আরও বেশ কয়েকটি প্রকল্প বাস্তবায়নের অপেক্ষায় রয়েছে বলেও তিনি জানান।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন খুলনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম শামীম কবির, সাবেক যুগ্ম আহ্বায়ক আশরাফুল আলম নান্নু, পাইকগাছা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস এম এনামুল হক, পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ, উপজেলা বিএনপির সদস্য সচিব এস এম ইমদাদুল হক, কয়রা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নূরুল আমিন বাবুলসহ জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতারা।
অনুষ্ঠান শেষে পাইকগাছা ডাকবাংলো চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন সংসদ সদস্য ফাহমিদা হক। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে উপজেলা মিলনায়তনে প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেন তিনি।

