শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের শরণখোলায় বাংলাদেশ কোস্ট গার্ডের উদ্যোগে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পে ২৫৫ জন দরিদ্র ও সাধারণ মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা এবং প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়েছে।
সোমবার (৩ আগস্ট) উপজেলার রায়েন্দা সরকারি পাইলট হাই স্কুল প্রাঙ্গণে দিনব্যাপী এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করে বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, উপকূলীয় অঞ্চলের মানুষের কল্যাণে নিয়মিত মানবিক কার্যক্রমের অংশ হিসেবে এ মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হয়েছে। অভিজ্ঞ চিকিৎসক দলের মাধ্যমে ২৫৫ জন রোগীকে স্বাস্থ্যসেবা দেওয়া হয় এবং তাদের প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে বিতরণ করা হয়।
তিনি আরও জানান, চিকিৎসাসেবার পাশাপাশি বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে জনসচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সৃজনশীলতা, নৈতিক মূল্যবোধ, দেশপ্রেম, মাদকবিরোধী সচেতনতা, শৃঙ্খলা এবং আইন মেনে চলার বিষয়ে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করা হয়।
বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও উপকূলীয় জনগোষ্ঠীর কল্যাণে এ ধরনের জনসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখবে বলে জানান তিনি।

