দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় আমন ধানের চারা রোপণের সময় বজ্রপাতে মামুনুর রশিদ মিলন (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
সোমবার (৩ আগস্ট) দুপুর আড়াইটার দিকে উপজেলার যদুবয়রা ইউনিয়নের দক্ষিণ যদুবয়রা গ্রামের মাঠে এ দুর্ঘটনা ঘটে। নিহত মামুনুর রশিদ মিলন ওই গ্রামের মৃত পরশ উল্লাহর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে অন্যের জমিতে আমন ধানের চারা রোপণের কাজ করছিলেন মিলন। এ সময় এলাকায় মাঝারি ধরনের বৃষ্টি শুরু হয়। দুপুর আড়াইটার দিকে হঠাৎ বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হয়ে জমিতেই লুটিয়ে পড়েন। পরে স্থানীয় লোকজন ও স্বজনরা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাঠে কাজ করার সময় বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

