দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে সরকারি কাজে বাধা, ডিউটিরত পুলিশ সদস্যকে মারধর এবং সরকারি দায়িত্ব পালনে বিঘ্ন সৃষ্টির অভিযোগে উপজেলা বিএনপির এক নেতার ছেলে ও পৌর ছাত্রদলের এক নেতাসহ ৭–৮ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
সোমবার (৩ আগস্ট) বিরামপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আল-আমিন বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, বাংলা ১৪৩৩–১৪৩৫ সনের জন্য উপজেলা পরিষদের অর্পিত পুকুর ইজারা সংক্রান্ত প্রকাশ্য ডাক (নিলাম) উপলক্ষে ইউএনও কার্যালয়ে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছিলেন। এ সময় অভিযুক্তরা দলবদ্ধ হয়ে সেখানে বিশৃঙ্খলা সৃষ্টি, সরকারি কাজে বাধা এবং ইউএনওর কার্যালয়ে প্রবেশের চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়েছে।
এজাহারে আরও উল্লেখ করা হয়, অভিযুক্তরা ঘটনাস্থলের ভিডিও ধারণে বাধা দেন এবং ডিউটিরত কনস্টেবল মো. নুরুজ্জামান সরকারকে মারধর করে আহত করেন। পরে তাকে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। একই সঙ্গে পুলিশ সদস্যদের মোবাইল ফোনে ধারণ করা ভিডিওচিত্র মুছে ফেলতে বাধ্য করার অভিযোগও করা হয়েছে।
মামলায় নাম উল্লেখ করা দুই আসামি হলেন—ধানঘড়া গ্রামের মো. রাহাদুজ্জামান পরাগ (২৭), যিনি উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহিম আলী বাবুর ছেলে এবং ইসলামপাড়া এলাকার মো. আল-আমিন (২৫), যিনি পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে পরিচিত। এছাড়া অজ্ঞাত আরও ৫–৬ জনকে আসামি করা হয়েছে।
বিরামপুর থানার তদন্ত কর্মকর্তা শামিম আল মামুন বলেন, “মামলাটি তদন্তাধীন রয়েছে। অভিযোগের বিষয়ে তদন্ত শেষে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এদিকে বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিনা খাতুন জানান, ঘটনাটি নিয়ে বিরামপুর থানায় একটি মামলা দায়ের হয়েছে।

