নওগাঁ প্রতিনিধি
নওগাঁর মান্দা উপজেলার বিলবয়রা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মারধরের অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় বিক্ষুব্ধ শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়রা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের ব্যবহৃত মোটরসাইকেল ভাঙচুর করে আগুন দেন এবং বিদ্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ করেন।
মঙ্গলবার (৪ আগস্ট) বেলা পৌনে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিদ্যালয়ের অবকাঠামোগত বিভিন্ন সমস্যা নিয়ে শিক্ষার্থীদের মধ্যে দীর্ঘদিন ধরে অসন্তোষ ছিল। তাদের অভিযোগ, শ্রেণিকক্ষ জরাজীর্ণ, ছাউনির টিন ফুটো থাকায় বৃষ্টির সময় কক্ষে পানি পড়ে। এছাড়া দরজা-জানালার অভাবে বিদ্যালয়ে সন্ধ্যার পর মাদকসেবীদের আড্ডা বসে। এসব সমস্যা সমাধানের দাবিতে কথা বলায় প্রধান শিক্ষক হাবিবুর রহমান শিক্ষার্থীদের সঙ্গে দুর্ব্যবহার ও মারধর করেন বলে অভিযোগ ওঠে।
শিক্ষার্থীদের দাবি, গত সোমবার ষষ্ঠ শ্রেণির কৃষ্ণ কুমার ও সপ্তম শ্রেণির সাজেদুল ইসলামকে মারধর করা হয়। একই অভিযোগে মঙ্গলবার সপ্তম শ্রেণির রিফাত হোসেন ও আব্দুল্লাহকেও মারধর করা হয়। এতে আব্দুল্লাহ অসুস্থ হয়ে পড়লে তাকে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
ঘটনার খবর ছড়িয়ে পড়লে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়রা বিদ্যালয়ে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে উত্তেজিত কিছু বিক্ষোভকারী প্রধান শিক্ষকের মোটরসাইকেল ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। পাশাপাশি প্রধান শিক্ষককে তার কক্ষে আটকে রাখা হয় এবং বিদ্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেওয়া হয়।
খবর পেয়ে পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং প্রধান শিক্ষককে নিরাপদে উদ্ধার করেন।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খোরশেদ আলম বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং প্রধান শিক্ষককে উদ্ধার করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আক্তার জাহান সাথী বলেন, ঘটনার বিষয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তাকে তদন্তের জন্য ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

