বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
বরিশালের বাবুগঞ্জে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে নিঃস্ব হওয়া দুই ভাইয়ের পরিবারের পাশে দাঁড়িয়েছে হারুন মোল্লা ফাউন্ডেশন। অসহায় পরিবারটির জন্য নিজ অর্থায়নে নতুন বসতঘর নির্মাণ করে দিয়েছেন ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. আসাদুল্লাহ।
উপজেলার রহমতপুর ইউনিয়নের লোহালিয়া গ্রামের মৃত আব্দুর রহিম খানের ছেলে বাবুল খান ও শহীদ খানের যৌথ বসতঘরটি ২০২৩ সালের ১৪ ফেব্রুয়ারি রান্নার চুলার আগুনে সম্পূর্ণ পুড়ে যায়। এতে ঘরবাড়ি ও প্রয়োজনীয় মালামাল হারিয়ে পরিবারটি চরম দুর্ভোগে পড়ে।
পরবর্তীতে স্থানীয়দের সহযোগিতায় একটি ছোট ঘর নির্মাণ করে দেওয়া হলেও সেটি পরিবারের বসবাসের জন্য পর্যাপ্ত ছিল না। দীর্ঘদিন ধরে মানবেতর জীবনযাপন করছিল পরিবারটি। বিষয়টি জানতে পেরে তাদের পাশে দাঁড়ান হারুন মোল্লা ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. আসাদুল্লাহ। তিনি নিজ অর্থায়নে পরিবারটির জন্য নতুন একটি বসতঘর নির্মাণ করে দেন।
শুক্রবার (৭ আগস্ট) সকাল ১০টায় মিলাদ ও দোয়া মাহফিলের মাধ্যমে নবনির্মিত ঘরটির উদ্বোধন করা হয়। পরে আনুষ্ঠানিকভাবে ঘরটি বাবুল খান ও শহীদ খানের পরিবারের কাছে হস্তান্তর করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. আসাদুল্লাহ।
এ সময় ফাউন্ডেশনের স্থায়ী কার্যালয়ের স্থান নির্ধারণ উপলক্ষে দোয়া ও মোনাজাতও অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে পরিবারের সদস্যদের পাশাপাশি স্থানীয় বাসিন্দারা অংশ নেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হারুন মোল্লা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও বিশিষ্ট সমাজসেবক মো. হারুন মোল্লা, উপদেষ্টা ও সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. শাহে আলম, আগরপুর ইসলামাবাদ ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল হালিম, স্থানীয় ইউপি সদস্য মো. শাহিন হোসেন, ঢাকা সিদ্ধেশ্বরী কলেজের প্রভাষক মো. তবিবুর হাসিব, মাস্টার মো. সিদ্দিকুর রহমান, ফাউন্ডেশনের ম্যানেজার মোহাম্মদ নূরে আলম বাপ্পিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও ফাউন্ডেশনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
নতুন ঘর পেয়ে বাবুল খান ও শহীদ খানের পরিবারের সদস্যরা ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. আসাদুল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা জানান, দীর্ঘদিন ঘরসংকটের কারণে পরিবার নিয়ে কষ্টে দিন কাটাতে হয়েছে। নতুন ঘর পাওয়ায় তাদের দুর্ভোগ অনেকটাই লাঘব হয়েছে।
স্থানীয়রা বলেন, অসহায় ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে নিরাপদ বসবাসের ব্যবস্থা করে দেওয়ার উদ্যোগটি সমাজে মানবিকতার দৃষ্টান্ত তৈরি করেছে।
ফাউন্ডেশন সংশ্লিষ্টরা জানান, মানুষের কল্যাণে বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনার লক্ষ্যেই হারুন মোল্লা ফাউন্ডেশনের কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে। ভবিষ্যতেও অসহায়, দরিদ্র ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।

