আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার আশাশুনি উপজেলার বুধহাটায় মাদক প্রতিরোধ, মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার এবং অপরাধ দমনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৭ আগস্ট) জুমার নামাজের পর বুধহাটা দক্ষিণপাড়া বায়তুন নূর জামে মসজিদ সংলগ্ন সড়কে এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় বাসিন্দা, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী ও শ্রমজীবী মানুষ অংশ নেন।
মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য দেন জামায়াতে ইসলামীর উপজেলা কর্মপরিষদ সদস্য ও জজ কোর্টের এপিপি অ্যাডভোকেট শহিদুল ইসলাম। বায়তুন নূর জামে মসজিদ কমিটির সভাপতি রেজাউল ইসলাম খাঁর সভাপতিত্বে এবং উপজেলা ব্যবসায়ী অ্যাসোসিয়েশনের সভাপতি আনারুল ইসলামের সঞ্চালনায় মানববন্ধনে আরও বক্তব্য দেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ, বিএনপি নেতা মাহমুদুর রায়হান প্রিন্স, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের বাপ্পী হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
বক্তারা অভিযোগ করেন, দিন দিন বুধহাটা এলাকায় মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের আনাগোনা বেড়ে চলেছে। মাদকমুক্ত এলাকা গড়ার দাবিতে প্রশাসনকে বারবার মৌখিক ও লিখিতভাবে অবহিত করা হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ করেন তারা।
তাদের দাবি, মাদকসেবীদের একটি অংশ চুরি ও অন্যান্য অপরাধে জড়িয়ে পড়ছে। এলাকায় দোকান, বাড়িঘর, মোটরসাইকেল, ইজিবাইক, ভ্যান, সাইকেলসহ বিভিন্ন মালামাল চুরির ঘটনা বেড়েছে বলেও অভিযোগ করেন বক্তারা।
এ ছাড়া বিভিন্ন ধরনের অসামাজিক কর্মকাণ্ড ও অপরাধপ্রবণতা বৃদ্ধিতে শান্তিপ্রিয় সাধারণ মানুষ উদ্বেগ ও আতঙ্কের মধ্যে রয়েছেন বলে জানান তারা।
বক্তারা আরও বলেন, মাদকের বিস্তার রোধ করা না গেলে এলাকার যুবসমাজের ভবিষ্যৎ হুমকির মুখে পড়বে এবং সামাজিক নিরাপত্তা বিঘ্নিত হবে। তাই মাদক ব্যবসায়ীদের শনাক্ত করে গ্রেপ্তার এবং মাদকসেবীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি এলাকায় নিয়মিত অভিযান পরিচালনার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান তারা।
মানববন্ধন থেকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিয়ে বুধহাটাকে মাদকমুক্ত ও নিরাপদ এলাকা হিসেবে গড়ে তোলার আহ্বান জানানো হয়।

