Nabadhara
ঢাকাশনিবার , ৮ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কালিয়ায় ৬০ লাখ টাকা প্রতারণার অভিযোগে সংবাদ সম্মেলন

কালিয়া (নড়াইল) প্রতিনিধি
আগস্ট ৮, ২০২৬ ১:১১ অপরাহ্ণ
Link Copied!

কালিয়া (নড়াইল) প্রতিনিধি

নড়াইলের কালিয়া বাজারে দোকান কেনার কথা বলে এক প্রবাসীর পরিবারের কাছ থেকে ৬০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে মো. ওবায়দুর লস্করের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী প্রবাসী রানা লস্করের পরিবারের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে অভিযোগের সুষ্ঠু তদন্ত, টাকা উদ্ধারের ব্যবস্থা ও অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে। তবে অভিযোগ অস্বীকার করে লেনদেনের ভিন্ন ব্যাখ্যা দিয়েছেন অভিযুক্ত ওবায়দুর লস্কর।

শুক্রবার (৭ আগস্ট) বিকেল ৫টায় কালিয়া পৌর কমিউনিটি সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী রানা লস্করের বোন রাজিয়া সুলতানা।

লিখিত বক্তব্যে রাজিয়া সুলতানা বলেন, তার লিবিয়া প্রবাসী ছোট ভাই রানা লস্কর কালিয়া বাজারে একটি দোকান কেনার জন্য বিভিন্ন মাধ্যমে জায়গা খুঁজছিলেন। এ সুযোগে প্রতিবেশী চাচাতো ভাই ওবায়দুর লস্কর কালিয়া বাজারের একটি জায়গা কেনার প্রস্তাব দেন।

পরবর্তীতে কালিয়া বাজারের তিনতলা একটি ভবন বিক্রির কথা বলে ভবনের প্রকৃত মালিকের পরিবর্তে অন্য ব্যক্তিকে মালিক সাজিয়ে ১ কোটি ২৫ লাখ টাকায় বিক্রির চুক্তি করা হয় বলে অভিযোগ করেন তিনি। পরে ধাপে ধাপে বায়না হিসেবে মোট ৬০ লাখ টাকা দেওয়া হয়। এমনকি কালিয়া হাসপাতালের সামনে একটি ডায়াগনস্টিক সেন্টারে বসে ভুয়া ক্রয় চুক্তিনামা তৈরি করে দেওয়া হয় বলেও সংবাদ সম্মেলনে দাবি করা হয়।

রাজিয়া সুলতানার অভিযোগ, পরবর্তীতে বাকি টাকা পরিশোধ করে ভবনটি রেজিস্ট্রি করে দেওয়ার কথা বলা হলে ওবায়দুর লস্কর টালবাহানা শুরু করেন। একপর্যায়ে ভবনটির প্রকৃত মালিক গোপা ঘোষের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ভবনটি বিক্রির জন্য কারও কাছ থেকে টাকা নেওয়া বা কোনো চুক্তি করার কথা অস্বীকার করেন বলে দাবি করেন তিনি।

ভুক্তভোগী পরিবারের আরও অভিযোগ, বিষয়টি জানাজানি হওয়ার পর অভিযুক্ত তাদের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন। এছাড়া নিজের কম্পিউটার ব্যবহার করে ভুয়া কাগজপত্র তৈরির চেষ্টা করেন বলেও অভিযোগ করা হয়। পরে প্রতারণার অভিযোগে কালিয়া থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে, যা বর্তমানে তদন্তাধীন রয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

সংবাদ সম্মেলন থেকে অভিযোগের সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন, ৬০ লাখ টাকা উদ্ধারের ব্যবস্থা এবং অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন মো. ওবায়দুর লস্কর। তার দাবি, প্রকৃত মালিকের সঙ্গে ১ কোটি ১৫ লাখ টাকায় ভবন কেনাবেচার বিষয়ে সিদ্ধান্ত হলে রানা লস্করের পরিবারের কাছ থেকে ২৭ লাখ টাকা বায়না হিসেবে নেওয়া হয়েছিল। পরবর্তীতে সম্পূর্ণ টাকা পরিশোধ করে ভবনটি লিখে নিতে বলা হলেও তারা টাকা দিতে না পারায় সময়ক্ষেপণ করেন। পরে তিনি ওই ২৭ লাখ টাকা ফেরত দিয়েছেন বলে দাবি করেন।

ওবায়দুর লস্কর আরও বলেন, শিক্ষকতার পাশাপাশি তিনি নির্মাণসামগ্রীর ব্যবসা করেন। সেই সুবাদে রানা লস্করের বাড়ি নির্মাণের জন্য বিভিন্ন নির্মাণসামগ্রী বাকিতে সরবরাহ করেছেন। পরবর্তী সময়ে কয়েক দফায় সেই বাবদ টাকা নিয়েছেন এবং এখনও তার আরও টাকা পাওনা রয়েছে বলে দাবি করেন তিনি। এসব লেনদেনের যাবতীয় কাগজপত্র ও ডকুমেন্টস তার কাছে সংরক্ষিত আছে বলেও জানান।

অভিযোগের বিষয়ে কালিয়া থানায় দেওয়া লিখিত অভিযোগের তদন্ত চলছে। তদন্ত শেষে অভিযোগের সত্যতা ও প্রকৃত ঘটনা সম্পর্কে বিস্তারিত জানা যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।