কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি
চাঁদপুরের কচুয়া উপজেলার কড়ইয়া ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে এক পরিবারের ব্যক্তি মালিকানাধীন গাছ জোরপূর্বক কেটে ফেলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
রোববার সকালে নোয়াগাঁও গ্রামের দেলোয়ার হোসেনের বাড়ির প্রায় ৫০ বছর বয়সী ৩০টি গাছ কেটে ফেলার অভিযোগ ওঠে পাশের বাড়ির শাহজাহান, আলমগীর হোসেনসহ তাদের লোকজনের বিরুদ্ধে।
অভিযোগকারী পরিবারের সদস্যদের দাবি, দেলোয়ার হোসেনের ছেলে আলী হোসেনসহ পরিবারের পুরুষ সদস্যরা বাড়িতে না থাকার সুযোগে গাছগুলো কেটে ফেলা হয়। এ সময় বাধা দিতে গেলে একই গ্রামের আলী হোসেনের আত্মীয় মো. রোকনকে মারধর করা হয়েছে বলেও অভিযোগ করা হয়।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য দেলোয়ার হোসেনের ছেলে আলী হোসেন কচুয়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, পাশের বাড়ির আব্দুর রবের ছেলে আলমগীর ও শাহজাহানসহ কয়েকজন লোক দলবদ্ধভাবে এসে তাদের পুরোনো গাছগুলো কেটে ফেলেন।
আলী হোসেনের অভিযোগ, গাছগুলো তার ভবনের পাশে থাকায় সেগুলো কেটে ফেলার কারণে ভবনটি হেলে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। এছাড়া অভিযুক্তরা এস্কাভেটর ও গাছ কাটার মেশিন ব্যবহার করে গাছ কাটার পাশাপাশি বাড়ি ও ভবনের পাশের মাটি কেটে রাস্তা নির্মাণের চেষ্টা করছেন।
তবে অভিযোগ অস্বীকার করে শাহজাহান বলেন, তারা ওমর আলীর কাছ থেকে চলাচলের রাস্তার জন্য এক শতক জমি কিনেছেন। ওই ক্রয়কৃত জায়গায় রাস্তা নির্মাণের কাজ করতে গিয়ে তারা সেখানে কাজ করেছেন।
ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন অভিযোগকারী পরিবারের সদস্যরা। গাছ কাটার ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়দের আশঙ্কা, যেকোনো সময় পরিস্থিতির অবনতি ঘটতে পারে।
খবর পেয়ে কচুয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। একই সঙ্গে উভয় পক্ষকে থানায় এসে বিষয়টি নিয়ে কথা বলার জন্য বলা হয়েছে।

