ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার ভেড়ামারায় এক কেজি গাঁজাসহ মো. ভাষান আলী (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে ভেড়ামারা থানা পুলিশ।
রোববার (৯ আগস্ট) সকাল ৮টা ৩৫ মিনিটের দিকে ভেড়ামারা থানাধীন শাপলা চত্বর এলাকার একটি বাস কাউন্টারের সামনে পাকা সড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ভাষান আলী কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রাগপুর গ্রামের মৃত মহসিন আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ভেড়ামারা থানার এসআই (নিঃ) মো. মনোয়ার হোসেন সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে শাপলা চত্বর এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় ভাষান আলীকে আটক করে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে এক কেজি গাঁজা উদ্ধার করা হয়।
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ জাহেদুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, এক কেজি গাঁজাসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে ভেড়ামারা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

