আমতলী (বরগুনা) প্রতিনিধি
বরগুনার আমতলী সরকারি একে পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জাবেদ ইমন (১৬) হত্যার বিচার ও জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয়রা।
রোববার (৯ আগস্ট) সকাল ১০টায় আমতলী একে সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের চৌরাস্তা চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য দেন আমতলী একে সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফজলুর রহমান, শরীরচর্চা শিক্ষক প্রতুল চন্দ্র, নিহত ইমনের ভাই ইমরান ও রাকিব, নবম শ্রেণির শিক্ষার্থী মিয়াদ খান, অলি ও জুনায়েদ, স্কুল শাখা ছাত্রদলের সভাপতি মুশফিক রশিদ হিরা এবং আমতলী সরকারি কলেজ শাখা ছাত্রদলের সহসভাপতি আব্দুল্লাহসহ অনেকে।
বক্তারা বলেন, জাবেদ ইমনের হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত করে দ্রুত প্রকৃত ঘটনা উদঘাটন এবং জড়িতদের আইনের আওতায় আনতে হবে। তারা হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি আমতলী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একে সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এসে শেষ হয়।
উল্লেখ্য, গত ২৯ জুলাই সন্ধ্যা ৬টার দিকে আমতলী উপজেলার আরপাঙ্গাশিয়া ইউনিয়নের পশরবুনিয়া খালের একটি স্লুইস গেট থেকে অজ্ঞাত অবস্থায় বস্তাবন্দী একটি মরদেহ উদ্ধার করে আমতলী থানা পুলিশ। পরে মরদেহের ছবি, পরনের শার্ট-প্যান্ট ও জুতা দেখে পরিবারের সদস্যরা সেটি জাবেদ ইমনের মরদেহ হিসেবে শনাক্ত করেন।
ঘটনার তদন্ত করছেন নিদ্রাসকিনা নৌ পুলিশ ফাঁড়ির পরিদর্শক সাগর ভদ্র। তিনি বলেন, ‘হত্যাকাণ্ডের বিষয়ে প্রাথমিক কিছু সূত্র পাওয়া গেছে। তবে তদন্তের স্বার্থে এই মুহূর্তে তা প্রকাশ করা যাচ্ছে না। আশা করছি, অল্প সময়ের মধ্যেই হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদঘাটন করা সম্ভব হবে।’

