শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
‘আদিবাসী ধাত্রীদের সম্মান, জীবন ও সুস্থতা সুরক্ষা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার শ্যামনগরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রোববার (৯ আগস্ট) উপজেলার বুড়িগোয়ালিনী আশ্রয়ণ প্রকল্প এলাকায় জয়িতা প্রতিবন্ধী নারী উন্নয়ন সংস্থার আয়োজনে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। বর্ণাঢ্য র্যালি শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন আদিবাসী মুন্ডা কমিউনিটির প্রধান (মোড়ল) নীলকান্ত মুন্ডা।
প্রধান অতিথির বক্তব্যে নীলকান্ত মুন্ডা বলেন, আদিবাসী জনগোষ্ঠীর অধিকার, সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বিশেষ করে নারী, প্রতিবন্ধী ব্যক্তি ও আদিবাসী জনগোষ্ঠীর উন্নয়নে সচেতনতা ও সহযোগিতা আরও বাড়ানো প্রয়োজন।
কৌশল্য মুন্ডার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন জয়িতা প্রতিবন্ধী নারী উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক অষ্টমী মালো। অপু চৌকিদারের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন কমলা মুন্ডাসহ স্থানীয় আদিবাসী জনগোষ্ঠীর প্রতিনিধিরা।
বক্তারা বলেন, আদিবাসী জনগোষ্ঠী এখনো বিভিন্ন সামাজিক ও অর্থনৈতিক বৈষম্যের শিকার। তাদের জীবনমানের উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার সুযোগ বৃদ্ধি এবং নিরাপত্তা নিশ্চিত করতে সরকারি-বেসরকারি সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
আলোচনা সভায় আদিবাসী জনগোষ্ঠীর অধিকার সংরক্ষণ, নারীর ক্ষমতায়ন এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

