দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়া শহরের পৌরবাজারে একটি ফলের দোকানের সামনে থেকে সাদ্দাম হোসেন (৪০) নামে এক শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (৯ আগস্ট) সকালে পৌরবাজারের আয়েশা ফল ভাণ্ডার ও আদর্শ ফল ভাণ্ডারের সামনে থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত সাদ্দাম হোসেন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাসিন্দা। তিনি পৌরবাজারে শ্রমিক হিসেবে কাজ করতেন বলে স্থানীয়রা জানিয়েছেন।
স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রতিদিনের মতো শনিবার রাতে পৌরবাজারের অন্যান্য দোকানের সঙ্গে আয়েশা ফল ভাণ্ডার ও আদর্শ ফল ভাণ্ডারও বন্ধ করে দেওয়া হয়। রাতের কোনো একসময় সাদ্দাম ওই দুই দোকানে প্রবেশের চেষ্টা করেন বলে ধারণা করা হচ্ছে।
ব্যবসায়ীদের ধারণা, ইঁদুরে বৈদ্যুতিক তার কেটে ফেলায় ছড়িয়ে থাকা বিদ্যুতের তারের সংস্পর্শে এসে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যেতে পারেন। তবে তার মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
রোববার সকালে স্থানীয় ব্যবসায়ীরা দোকান খুলতে এসে দোকানের সামনে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

