Nabadhara
ঢাকারবিবার , ৯ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মনিরামপুরের প্রত্যন্ত গ্রামে বন্ধুত্বের টানে চীনা নাগরিক, বাড়িতে উৎসুক জনতার ভিড়

মনিরামপুর (যশোর) প্রতিনিধি
আগস্ট ৯, ২০২৬ ৮:৫৯ অপরাহ্ণ
Link Copied!

মনিরামপুর (যশোর) প্রতিনিধি

অনলাইন প্ল্যাটফর্মে মাত্র তিন মাসের পরিচয়। শুরুতে কথাবার্তা ও বন্ধুত্বের মধ্যেই সীমাবদ্ধ ছিল সম্পর্ক। তবে সেই বন্ধুত্বের টানে সুদূর চীন থেকে যশোরের মনিরামপুর উপজেলার প্রত্যন্ত হুরগাতী গ্রামে ছুটে এসেছেন ৪২ বছর বয়সী চীনা নাগরিক ইউ লিয়াংলিয়াং। তাকে একনজর দেখতে ওই বাড়িতে ভিড় করছেন উৎসুক এলাকাবাসী।

রোববার (৯ আগস্ট) সকালে হুরগাতী গ্রামের ওই বাড়িতে চীনা নাগরিকের উপস্থিতির খবর ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক কৌতূহলের সৃষ্টি হয়। আকস্মিকভাবে বিদেশি নাগরিক বাড়িতে আসায় একদিকে পরিবারের সদস্যরা বিব্রতকর পরিস্থিতিতে পড়েন, অন্যদিকে বিষয়টি নিয়ে এলাকায় নানা আলোচনা শুরু হয়।

জানা গেছে, ‘ওয়ার্ল্ড চ্যাট’ নামের একটি অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে প্রায় তিন মাস আগে ওই তরুণীর সঙ্গে ইউ লিয়াংলিয়াংয়ের পরিচয় হয়। প্রথমে তাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ কথাবার্তা হলেও একপর্যায়ে তারা একে অপরের প্রতি দুর্বল হয়ে পড়েন বলে জানা গেছে। ভিন্ন দেশ, পরিবেশ ও ধর্মের পার্থক্য তাদের যোগাযোগে বাধা হয়ে দাঁড়ায়নি।

ইউ লিয়াংলিয়াং পেশায় জাহাজ নির্মাণ প্রকৌশলী। তার ব্যবহৃত পাসপোর্ট ও ভাষাগত অ্যাপের মাধ্যমে কথা বলে জানা যায়, তিনি চীনের পূর্ব উপকূলীয় অঞ্চলের পীত সাগর ও বোহাই সাগরের তীরে অবস্থিত শানডং প্রদেশের বাসিন্দা। দুই ভাইয়ের মধ্যে তিনি বড়। তার বাবার নাম ইউ সংউই এবং মায়ের নাম কিউই জুয়েজুয়ান।

ইউ লিয়াংলিয়াং জানান, তিনি ২০ দিনের জন্য বাংলাদেশে এসেছেন। দেশে তেমন পরিচিত কেউ না থাকায় অনলাইনে পরিচয়ের সূত্র ধরে হুরগাতী গ্রামের ওই বাড়িতে আসেন। লাইভ লোকেশন ব্যবহার করে তিনি সেখানে পৌঁছান।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, ওই তরুণীর সঙ্গে দেখা করার পাশাপাশি পরিবারের সম্মতি পেলে তাকে বিয়ে করার ইচ্ছাও ছিল ইউ লিয়াংলিয়াংয়ের। তবে তরুণীর বয়স কম হওয়ায় সে বিষয়ে তিনি হতাশ হন বলে জানা গেছে।

এদিকে মেয়ের বাড়িতে চীনা নাগরিকের আকস্মিক আগমনে পরিবারের সদস্যরা কিছুটা বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন। মেয়েটির মা বিউটি খাতুন ও দাদী আঞ্জুয়ারা বেগম জানান, ওই চীনা নাগরিক বন্ধুত্বের টানেই তাদের বাড়িতে এসেছেন।

ঘটনার খবর ছড়িয়ে পড়লে বাড়িতে উৎসুক মানুষের ভিড় জমে যায়। বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে নানা কৌতূহল ও আলোচনা দেখা দিয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।