দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার আইডিয়াল রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীরা অসাধারণ সাফল্য অর্জন করেছে। এ প্রতিষ্ঠান থেকে পরীক্ষায় অংশ নেওয়া ২৪২ জন শিক্ষার্থীর সবাই জিপিএ-৫ পেয়েছে। ফলে প্রতিষ্ঠানটির পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তির হার—দুটিই শতভাগ।
প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, চলতি বছরের এসএসসি পরীক্ষায় আইডিয়াল রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে মোট ২৪২ জন শিক্ষার্থী অংশ নেয়। ফল প্রকাশের পর দেখা যায়, অংশগ্রহণকারী প্রত্যেক শিক্ষার্থীই জিপিএ-৫ অর্জন করেছে।
একসঙ্গে ২৪২ শিক্ষার্থীর জিপিএ-৫ অর্জনের খবরে প্রতিষ্ঠানজুড়ে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও পরিচালনা পর্ষদের সদস্যরা উচ্ছ্বাস প্রকাশ করেছেন।
প্রতিষ্ঠান কর্তৃপক্ষ জানিয়েছে, শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন, কঠোর পরিশ্রম, শিক্ষকদের আন্তরিক পাঠদান এবং অভিভাবকদের সহযোগিতাই এই সাফল্যের মূল কারণ। শিক্ষার্থীদের ধারাবাহিক পরিশ্রম ও প্রতিষ্ঠানের শিক্ষাবান্ধব পরিবেশের ফলেই এমন ঈর্ষণীয় ফলাফল অর্জন সম্ভব হয়েছে বলে তারা মনে করেন।
এদিকে চিরিরবন্দরসহ দিনাজপুরের শিক্ষা অঙ্গনে প্রতিষ্ঠানটির এ ফলাফল প্রশংসা কুড়িয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এমন সাফল্য শিক্ষার্থীদের পাশাপাশি অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানকেও ভালো ফলাফলের জন্য উৎসাহিত করবে।
প্রতিষ্ঠানটির শিক্ষক ও পরিচালনা পর্ষদ ভবিষ্যতেও শিক্ষার মান ধরে রেখে সাফল্যের এ ধারা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেছেন।

