সুব্রত সরকার, মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি
মাগুরার মহম্মদপুর প্রেসক্লাবের এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার রাত ১০টায় প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাব মহম্মদপুরের ভারপ্রাপ্ত সভাপতি ও দৈনিক ইত্তেফাকের সংবাদদাতা মেহেদী হাসান পলাশের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. মাসুদ রানার সঞ্চালনায় সভায় সংগঠনের সার্বিক কার্যক্রম, সাংগঠনিক বিষয় এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে সাংবাদিকদের পেশাগত কার্যক্রমসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।
সভায় বক্তব্য দেন প্রেসক্লাবের সহসভাপতি মো. মাহামুদুন নবী ডাবলু, কোষাধ্যক্ষ আশিকুর রহমান লিটন, মো. সালাহউদ্দীন আহম্মেদ মিল্টন, মো. রাসেল পারভেজ, মো. মুরাদ হোসেন, মো. তুষার আহম্মেদ, মো. জাহিদুল রহমান টুটুল, মো. ফারহান নিপু, মো. মোস্তফা জামান সনেট, মো. ফয়সাল আহম্মেদ, মো. আবুল খায়ের রনি, মো. খায়রুল ইসলাম, মো. মতিউর রহমান ও মো. শফিকুল ইসলামসহ অন্যান্য সদস্য।
সভায় বক্তারা মহম্মদপুর উপজেলা প্রশাসনের বিভিন্ন সময়ের আচরণ ও কর্মকাণ্ড নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। একই সঙ্গে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে সহযোগিতাপূর্ণ পরিবেশ নিশ্চিত করা, পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখা এবং গণমাধ্যমের স্বাধীনতা ও দায়িত্বশীল ভূমিকা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।
এ সময় প্রেসক্লাবের চলমান কার্যক্রমকে আরও গতিশীল ও সাংগঠনিকভাবে শক্তিশালী করতে বিভিন্ন পরিকল্পনা ও কর্মসূচি গ্রহণ করা হয়। পাশাপাশি সাংবাদিকদের পেশাগত স্বার্থ রক্ষা, সংগঠনের শৃঙ্খলা বজায় রাখা এবং স্থানীয় পর্যায়ে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে ঐক্যবদ্ধভাবে কাজ করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় প্রেসক্লাবের সদস্যরা সংগঠনের কার্যক্রম আরও সুসংগঠিত ও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।

