ওমর ফারুক, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
সৌদি আরবে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর আত্রাই উপজেলার প্রবাসী শ্রমিকদের শোকসন্তপ্ত পরিবারের মাঝে জেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১২ আগস্ট) দুপুর ১২টায় উপজেলা প্রশাসন, আত্রাইয়ের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ অর্থ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে প্রাথমিকভাবে ১১টি পরিবারের মাঝে পরিবারপ্রতি ২০ হাজার টাকা করে মোট ২ লাখ ২০ হাজার টাকার আর্থিক সহায়তার চেক তুলে দেওয়া হয়। এ সময় নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।
অনুষ্ঠানে ইউএনও মো. মনিরুজ্জামান বলেন, “সৌদি আরবে অগ্নিকাণ্ডে আত্রাইয়ের সন্তান তথা আমাদের প্রবাসী ভাইদের মর্মান্তিক মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। প্রবাসীরা আমাদের দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। তাদের এই অপূরণীয় ক্ষতি কোনোভাবেই পূরণ করার নয়। জেলা ও উপজেলা প্রশাসন সবসময় শোকসন্তপ্ত পরিবারগুলোর পাশে রয়েছে।”
তিনি আরও বলেন, জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রাথমিকভাবে এ আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। পরবর্তীতে সরকারি নিয়ম অনুযায়ী পরিবারগুলোকে আরও যেসব সুযোগ-সুবিধা ও সহায়তা দেওয়া সম্ভব, তা নিশ্চিত করতে প্রশাসন কাজ করবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আব্দুল হান্নান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাকসুদুর রহমান, আত্রাই উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুল জলিল চকলেট, সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. নিয়ামত আলী বাবু এবং উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. খোরশেদ আলম।
এ ছাড়া উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, স্থানীয় সাংবাদিক ও নিহত প্রবাসীদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

