Nabadhara
ঢাকামঙ্গলবার , ১১ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বিরামপুরে মেল বাস কাউন্টারের সামনে শ্রমিকদের সড়ক অবরোধ

মো. ইব্রাহীম মিঞা, দিনাজপুর প্রতিনিধি
আগস্ট ১১, ২০২৬ ৮:২৩ অপরাহ্ণ
Link Copied!

মো. ইব্রাহীম মিঞা, দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুর জেলা কৃষকদলের সদস্যসচিব ও দিনাজপুর জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য মজিবুর রহমান মুজিবকে গ্রেপ্তার ও মারধরের অভিযোগের প্রতিবাদে বিরামপুরে সড়ক অবরোধ ও পরিবহন ধর্মঘট পালন করেছেন শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরা।

মঙ্গলবার (১১ আগস্ট) সকাল থেকে দিনাজপুর জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের বিরামপুর উপজেলা স্ট্যান্ড কমিটির নেতৃত্বে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের বিরামপুর এলাকার মেল বাস কাউন্টারের সামনে এ অবরোধ কর্মসূচি পালন করা হয়।

এ সময় শ্রমিকরা বিভিন্ন যানবাহন চলাচলে বাধা দিলে মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়। এতে সাধারণ যাত্রীদের দুর্ভোগে পড়তে হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের বিরামপুর উপজেলা স্ট্যান্ড কমিটির সভাপতি বাবুল হোসেন বাবুল্লা, সম্পাদক মুকুল সরকার, সহ-সম্পাদক মো. আলী হোসেন, সড়ক সম্পাদক মো. পাপ্পু হক, প্রচার সম্পাদক মো. শাহ্ আলম মন্ডল এবং সদস্য আহসান হাবিব জনি ও জামিল হোসেনসহ শ্রমিক ইউনিয়নের অন্যান্য নেতাকর্মী।

শ্রমিক নেতাদের অভিযোগ, মজিবুর রহমান মুজিবকে গ্রেপ্তারের পর মারধর করা হয়েছে। এর প্রতিবাদে তারা ঘটনার সুষ্ঠু তদন্ত, দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং সংশ্লিষ্ট কর্মকর্তার অপসারণসহ বিভিন্ন দাবি জানান।

শ্রমিক নেতারা বলেন, মজিবুর রহমান মুজিবকে গ্রেপ্তারের প্রতিবাদে দিনাজপুর জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কেও শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরা অবরোধ কর্মসূচি পালন করছেন। এর অংশ হিসেবে বিরামপুরে মহাসড়ক অবরোধ করা হয়।

এদিকে, দিনাজপুর জেলা পর্যায়ের শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হলে আলোচনার স্বার্থে বিরামপুরের অবরোধ কর্মসূচি সাময়িকভাবে শিথিল করে নেন স্থানীয় শ্রমিক নেতারা। তবে অবরোধ প্রত্যাহার করা হলেও পরিবহন শ্রমিকদের ধর্মঘট অব্যাহত রয়েছে।

বিরামপুর উপজেলা পরিবহন শ্রমিক নেতারা জানান, জেলা নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা শেষে পরবর্তী কর্মসূচির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

অবরোধ চলাকালে মহাসড়কে যান চলাচল ব্যাহত হওয়ায় সাধারণ যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়। বিশেষ করে দূরপাল্লার যাত্রী, রোগী, নারী ও শিশুরা দুর্ভোগে পড়েন।

উল্লেখ্য, মজিবুর রহমান মুজিবকে গ্রেপ্তারের ঘটনায় দিনাজপুর শহরসহ জেলার বিভিন্ন প্রবেশমুখে শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরা সড়ক অবরোধ ও পরিবহন ধর্মঘট পালন করছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।