খুলনা প্রতিনিধি
খুলনার তেরখাদায় বিএনপির সাবেক নেতা মো. ফরিদ মোল্লার মুক্তির দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ আগস্ট) উপজেলা বিএনপি ও সর্বস্তরের জনগণের উদ্যোগে আয়োজিত এসব কর্মসূচি থেকে ফরিদ মোল্লার বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার ও দ্রুত তার মুক্তির দাবি জানানো হয়।
বুধবার সকালে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মানববন্ধনে অংশ নেন। পরে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি তেরখাদার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা টিএনটি কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত হয় প্রতিবাদ সমাবেশ।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক প্রতিহিংসার কারণে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা ও নানা ধরনের হয়রানি করা হয়েছে। ফরিদ মোল্লাও ওই সময়ে রাজনৈতিকভাবে হয়রানি ও মামলার শিকার হয়েছেন বলে দাবি করেন তারা।
বক্তারা জানান, পশ্চিম কাটেংগা এলাকার মো. ফরিদ মোল্লা দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তিনি তেরখাদা উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি, যুগ্ম সম্পাদক ও প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি কৃষক দলের সাবেক সভাপতি এবং ছাত্রদলের নেতাও ছিলেন।
সমাবেশে বক্তারা আরও বলেন, রাজনৈতিক কারণে মামলা ও হয়রানির শিকার হয়ে ফরিদ মোল্লা ও তার পরিবার দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহাচ্ছেন। বিষয়টি মানবিকভাবে বিবেচনা করে দ্রুত তার মুক্তির ব্যবস্থা করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তারা।
এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ সংশ্লিষ্ট সব মহলের প্রতি ফরিদ মোল্লার মুক্তির বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানানো হয়। একই সঙ্গে রাজনৈতিক উদ্দেশ্যে দায়ের করা মামলা পর্যালোচনা করে প্রত্যাহার এবং বিএনপির নেতাকর্মীদের হয়রানি বন্ধের দাবি জানান বক্তারা।
প্রতিবাদ সমাবেশে উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক চৌধুরী কাওসার আলী, বিএনপি নেতা মোল্লা মাহাবুবুর রহমান, শরিফ নাইমুল হক, মোল্লা হুমায়ুন কবির ও মো. বিল্লাল হোসেন বক্তব্য দেন।
এ সময় যুবদল নেতা গোলাম মোস্তফা ভুট্টো, অহিদ শেখ, কৃষক দল নেতা সাবু মোল্লা, সাবেক ছাত্রদল নেতা আমিনুল ইসলাম আমিন, মহিলা দল নেত্রী রূপালী বেগমসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সমাবেশ শেষে নেতাকর্মীরা ফরিদ মোল্লার মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন। বক্তারা বলেন, ফরিদ মোল্লার মুক্তি না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণভাবে এ দাবি অব্যাহত থাকবে।

