Nabadhara
ঢাকাবুধবার , ১২ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কাউনিয়ায় তিস্তা নদী রক্ষা বাঁধে ধস, দ্রুত সংস্কারের দাবি

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
আগস্ট ১২, ২০২৬ ৬:৩৩ অপরাহ্ণ
Link Copied!

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

রংপুরের কাউনিয়ায় তিস্তা রেল ও সড়ক সেতুর মধ্যবর্তী নদী রক্ষা বাঁধে ভয়াবহ ধস দেখা দিয়েছে। টানা বৃষ্টি ও তীব্র স্রোতের কারণে বাঁধের পাড়ের মাটি সরে গিয়ে গভীর গর্তের সৃষ্টি হয়েছে। একই সঙ্গে বাঁধ রক্ষায় ব্যবহৃত কংক্রিটের ব্লক ও সিসি ব্লক ধসে পড়ে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে।

সরেজমিনে দেখা গেছে, বাঁধের ঢালে ঘাস ও আগাছা জন্মালেও বেশ কয়েকটি স্থানে মাটি সরে গিয়ে নিচের স্তর বেরিয়ে পড়েছে। ধসের অংশ ক্রমেই ভেতরের দিকে বিস্তৃত হচ্ছে। এতে বাঁধের ঢাল দুর্বল হয়ে পড়েছে। ভাঙন অব্যাহত থাকলে বাঁধের আরও বড় অংশ ধসে পড়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।

স্থানীয় ইউপি সদস্য শাহ আলম বলেন, বাঁধের ওই অংশে দীর্ঘদিন ধরে ধস ও ভাঙন দেখা দিলেও স্থায়ীভাবে সংস্কার করা হয়নি। বর্তমানে ভাঙনকবলিত স্থানে কংক্রিটের ব্লক ছড়িয়ে থাকায় পরিস্থিতি আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। বর্ষাকালে নদীর পানি বৃদ্ধি পেলে স্রোতের চাপ ও অতিরিক্ত বৃষ্টির কারণে ভাঙন দ্রুত ছড়িয়ে পড়তে পারে।

স্থানীয় বাসিন্দা আসাদুজ্জামান আসাদ বলেন, বাঁধের আশপাশে মানুষের চলাচল ও বিভিন্ন স্থাপনা থাকায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ বাড়ছে। ক্ষতিগ্রস্ত অংশ দ্রুত চিহ্নিত করে মাটি ভরাট, ব্লক স্থাপন ও প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া জরুরি। শুধু সাময়িকভাবে ব্লক ফেলে রাখলে সমস্যার স্থায়ী সমাধান হবে না।

স্থানীয়দের দাবি, বর্ষায় নদীর পানি আরও বাড়ার আগেই বাঁধের দুর্বল অংশগুলো সংস্কার করতে হবে। একই সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে ভাঙনের কারণ নির্ধারণ এবং প্রয়োজনীয় সংস্কারকাজ সম্পন্ন করার আহ্বান জানিয়েছেন তারা।

তাদের আশঙ্কা, আকস্মিকভাবে বাঁধের কোনো অংশ ধসে পড়লে পথচারী ও স্থানীয়রা দুর্ঘটনার শিকার হতে পারেন। ভাঙন বড় আকার ধারণ করলে নদী রক্ষা বাঁধের স্থায়িত্ব নিয়েও প্রশ্ন দেখা দিতে পারে। তাই ঝুঁকিপূর্ণ অংশগুলো নিয়মিত পর্যবেক্ষণের পাশাপাশি দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

এ বিষয়ে কাউনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পাপিয়া সুলতানা বলেন, “তিস্তা নদী রক্ষা বাঁধের ধসের স্থানটি লালমনিরহাট এরিয়া হওয়ায় সংশ্লিষ্ট নির্বাহী প্রকৌশলীকে বিষয়টি অবহিত করা হয়েছে। তারা পরিদর্শন শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।