মো. শফিউল ইসলাম রনি, ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি
পিরোজপুরের ভাণ্ডারিয়ায় এইচএসসি পরীক্ষা দিতে গিয়ে নাসরিন নাহার বেগম (১৮) নামে এক গৃহবধূ নিখোঁজ হয়েছেন। নিখোঁজের চার দিন পেরিয়ে গেলেও এখনো তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
নাসরিন নাহার উপজেলার উত্তর ভিটাবাড়িয়া গ্রামের মৃত আবদুস সত্তার বেপারীর পুত্রবধূ এবং আমান উল্লাহ কলেজের শিক্ষার্থী। গত ৯ আগস্ট শ্বশুরবাড়ি থেকে এইচএসসি (বিএম শাখা) পরীক্ষায় অংশ নিতে আমান উল্লাহ কলেজ পরীক্ষা কেন্দ্রে যাওয়ার কথা ছিল তাঁর। তবে তিনি পরীক্ষা কেন্দ্রে না গিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ হন বলে পরিবারের সদস্যরা জানান।
নিখোঁজের দিনই তাঁর শাশুড়ি মনোয়ারা বেগম ভাণ্ডারিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেন। জিডি নম্বর-৩৮০।
পরিবার সূত্রে জানা যায়, ২০২৫ সালের ২ মে উত্তর ভিটাবাড়িয়া গ্রামের মৃত আবদুস সত্তার বেপারীর ছেলে সজল আমীনের সঙ্গে নাসরিনের বিয়ে হয়। বিয়ের পরও তিনি আমান উল্লাহ কলেজে পড়াশোনা চালিয়ে যাচ্ছিলেন।
নাসরিনের নিখোঁজের ঘটনায় পরিবারের সদস্যরা উদ্বেগের মধ্যে রয়েছেন। তাঁকে দ্রুত উদ্ধারের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা কামনা করেছেন স্বজনরা।
ভাণ্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান বলেন, নিখোঁজ গৃহবধূর পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। তাঁকে উদ্ধারে পুলিশ অনুসন্ধান চালাচ্ছে।

