আর.কে. বাপ্পা, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার দেবহাটায় পুলিশের পৃথক অভিযানে ১৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। এ ঘটনায় আটক দুজনের বিরুদ্ধে দেবহাটা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে পুলিশ।
পুলিশ জানায়, দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আলিমের নেতৃত্বে এসআই সাহিদুল ইসলাম, পিএসআই বিপ্লব মালাকারসহ সঙ্গীয় অফিসার ও ফোর্স মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) সন্ধ্যার পর গোপন সংবাদের ভিত্তিতে কুলিয়া ইউনিয়নের আশু মার্কেটের পশ্চিম পাশে রাসেলের চায়ের দোকানের সামনে পাকা সড়ক থেকে ৩ পিস ইয়াবাসহ মোস্তফা কামাল (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি দেবহাটা উপজেলার খাসখামার গ্রামের আব্দুল হামিদের ছেলে।
একই দিন রাত ৯টার দিকে পারুলিয়া ইউনিয়নের কোমরপুর গ্রামের স্টিল ব্রিজের দক্ষিণ পাশে জোড়া বটগাছের সামনে পাকা সড়কে অভিযান চালিয়ে ১৫ পিস ইয়াবাসহ রিয়াজুল ইসলাম (৪৮) নামে আরেকজনকে আটক করা হয়। তিনি সাতক্ষীরা সদর উপজেলার পদ্মশাখরা গ্রামের ফজর আলীর ছেলে।
দেবহাটা থানার ওসি আব্দুল আলিম জানান, দেশব্যাপী চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে পৃথক অভিযান চালিয়ে ইয়াবাসহ দুজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে দেবহাটা থানায় মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) সকালে আটক দুজনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

