দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ছেঁউড়িয়ায় লালন আখড়াবাড়িতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ উঠেছে। এ সময় তাকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ এবং তার সঙ্গে থাকা গাড়িতে ইটপাটকেল ছুড়ে ভাঙচুর করা হয়েছে। পরে পুলিশ তাকে নিরাপদ স্থানে নিয়ে যায়।
রোববার (৪ অক্টোবর) সন্ধ্যা ৭টা থেকে সাড়ে ৭টার মধ্যে লালন আখড়াবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
নাসীরুদ্দীনের সঙ্গে থাকা ভেড়ামারা উপজেলা এনসিপির সদস্যসচিব শোভন আহমেদ জানান, নাসীরুদ্দীন পাটওয়ারীসহ কয়েকজন ব্যক্তিগতভাবে কুষ্টিয়ার বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শনে বের হন। বিকেলে শিলাইদহ ঘুরে সন্ধ্যায় তারা লালন আখড়াবাড়িতে যান। সেখানে গান শুনে বের হওয়ার সময় দুজন নারী নাসীরুদ্দীনের সঙ্গে ছবি তুলতে চান। ওই সময় তাকে লক্ষ্য করে একজন ডিম ছোড়েন।
এরপর ২০ থেকে ২৫ জন যুবক সেখানে এসে গালাগালি করতে থাকে এবং নাসীরুদ্দীনের দিকে তেড়ে আসে। তাদের কয়েকজনের হাতে লাঠিসোঁটা ছিল বলে দাবি করেন শোভন আহমেদ। নাসীরুদ্দীনকে রক্ষা করতে সঙ্গে থাকা নেতাকর্মীরা তাকে ঘিরে ধরেন। এ সময় কয়েকজন নেতা আহত হয়েছেন বলেও তিনি দাবি করেন।
শোভন আহমেদ আরও বলেন, দুই থেকে তিন মিনিটের মধ্যেই পুরো ঘটনা ঘটে। পরে আখড়াবাড়ির প্রধান ফটকের সামনে থাকা তাদের গাড়িতে ইটপাটকেল ছুড়ে গ্লাস ভেঙে দেওয়া হয়।
এনসিপি কুষ্টিয়া জেলা শাখার সদস্যসচিব সুলতান মারুফ তালহা অভিযোগ করেন, ছাত্রদলের নেতাকর্মীরা এ হামলা চালিয়েছে। হামলায় জড়িত কয়েকজনকে শনাক্ত করা হয়েছে বলেও দাবি করেন তিনি।
তবে অভিযোগ অস্বীকার করে কুষ্টিয়া জেলা ছাত্রদলের আহ্বায়ক মোজাক্কির রহমান রাব্বী বলেন, নাসীরুদ্দীনের ওপর হামলা হয়ে থাকলে তা অবশ্যই নিন্দনীয়। ছাত্রদল মব কালচারের রাজনীতি বিশ্বাস করে না। এ ঘটনার সঙ্গে ছাত্রদল কোনোভাবেই জড়িত নয়।
কুষ্টিয়ার পুলিশ সুপার (এসপি) আমিনুল ইসলাম বলেন, নাসীরুদ্দীনের ওপর হামলার ঘটনা ঘটেছে। তবে গাড়ি ভাঙচুরের বিষয়টি তার জানা নেই। তিনি কখন বা কী কারণে সেখানে এসেছিলেন, সেটিও পুলিশ জানত না। ঘটনার পর নাসীরুদ্দীনকে পুলিশ হেফাজতে নিরাপদ স্থানে নেওয়া হয়েছে। সেখানে আরও পুলিশ পাঠানো হচ্ছে।
এদিকে হামলার ঘটনার একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওগুলো ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

