আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি
বরিশালের আগৈলঝাড়ায় ফুটবল খেলার সময় আঘাতপ্রাপ্ত হয়ে আবু সাইদ (১৯) নামে এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) দুপুরের আগে উপজেলা সদরের ভেগাই হালদার পাবলিক একাডেমির মাঠে এ ঘটনা ঘটে।
নিহত আবু সাইদ পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জাকির মৃধার ছেলে। তিনি আগৈলঝাড়া উপজেলার আল জামিয়াতুন নাফিছিয়া আল-ইসলামিয়া (মার্কাজ) মাদ্রাসার কাফিয়া (নবম) বিভাগের ছাত্র ছিলেন। পাশাপাশি তিনি পশ্চিম বাকাল এলাকার একটি জামে মসজিদে চাকরি করতেন।
মাদ্রাসার মুহতামিম মাওলানা রফিকুল ইসলাম জানান, শুক্রবার মাদ্রাসার সাপ্তাহিক ছুটি থাকায় আবু সাইদ উপজেলা সদরের ভেগাই হালদার পাবলিক একাডেমির মাঠে ফুটবল খেলতে যান। খেলায় তিনি গোলকিপারের দায়িত্বে ছিলেন। একপর্যায়ে বল ধরার সময় আঘাতপ্রাপ্ত হয়ে অসুস্থ হয়ে পড়েন তিনি।
পরে সহখেলোয়াড়রা তাকে উদ্ধার করে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. বদরুল আলম তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। তবে হাসপাতালে নেওয়ার পথে আবু সাইদের মৃত্যু হয় বলে জানান মাদ্রাসার মুহতামিম।
আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান জানান, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

