নাদিম হায়দার, সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
মুন্সীগঞ্জের সিরাজদিখানে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১৪ পিস ইয়াবা ট্যাবলেট ও ৬৬ গ্রাম হেরোইনসহ চারজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাত ১২টা ৪০ মিনিটের দিকে সিরাজদিখান থানার এসআই (নিঃ) মো. শাহ্ আলী ও সঙ্গীয় ফোর্স এ অভিযান পরিচালনা করেন। উপজেলার কেয়াইন ইউনিয়নের নিমতলা এলাকায় আইডিয়াল মেডিকেল হাসপাতালের আন্ডারগ্রাউন্ড থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—ঢাকার গেন্ডারিয়া থানার সাখারী নগর লেনের মাহমুদুল হাসান (৪৩), শ্যামপুর থানার পশ্চিম জুরাইনের মো. দিনার ভূইয়া ওরফে কাজল (৩৮), গেন্ডারিয়া থানার সতিশ সরকার রোডের মো. ফরহাদ হোসেন (৩৮) এবং ফরিদপুরের সালথা থানার আটঘর এলাকার শফিকুল ইসলাম (২৪)।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ১৪ পিস ইয়াবা ট্যাবলেট ও মোট ৬৬ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে।
পুলিশ সুপার, মুন্সীগঞ্জ মো. মেনহাজুল আলম, পিপিএম-এর দিকনির্দেশনায় এবং সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিনের তত্ত্বাবধানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও মাদকবিরোধী কার্যক্রম জোরদারের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

