Nabadhara
ঢাকাশুক্রবার , ১৪ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বিরামপুরে প্রিমিয়ার ফুটবল লিগের উদ্বোধন, গোলশূন্য ড্রয়ে শুরু

মো.ইব্রাহীম মিঞা, দিনাজপুর প্রতিনিধি
আগস্ট ১৪, ২০২৬ ৭:৪৭ অপরাহ্ণ
Link Copied!

মো.ইব্রাহীম মিঞা, দিনাজপুর প্রতিনিধি

“খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল”—এই স্লোগানকে সামনে রেখে দিনাজপুরের বিরামপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে বিরামপুর প্রিমিয়ার ফুটবল লিগ-২০২৬ সিজন-১।

শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে বিরামপুরের ঐতিহাসিক বড়মাঠে অতিথিদের বক্তব্য ও পায়রা উড়িয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ, আয়োজক কমিটির সদস্য, খেলোয়াড়, ক্রীড়ামোদীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, তরুণ সমাজকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। নিয়মিত খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি শৃঙ্খলা, নেতৃত্ব ও পারস্পরিক সম্প্রীতি গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় সাহেবপাড়া যুব স্পোর্টিং ক্লাব ও বড়মাঠ একাদশ। শুরু থেকেই আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে ম্যাচ। প্রথমার্ধে সাহেবপাড়া যুব স্পোর্টিং ক্লাব পেনাল্টির সুযোগ পেলেও গোল করতে পারেনি। দ্বিতীয়ার্ধেও উভয় দল একাধিক আক্রমণ চালালেও কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি। শেষ পর্যন্ত গোলশূন্য ড্রয়ে ম্যাচ শেষ হয় এবং দুই দল পয়েন্ট ভাগাভাগি করে নেয়।

ম্যাচটি পরিচালনা করেন রেফারি ভোলানাথ সরকার। সহকারী রেফারি ছিলেন রায়হান আলী ও রনি। খেলা দেখতে বড়মাঠে বিপুলসংখ্যক দর্শকের উপস্থিতি ছিল। তাদের উচ্ছ্বাস ও করতালিতে পুরো মাঠ উৎসবমুখর হয়ে ওঠে।

স্থানীয়দের সহযোগিতায় বিরামপুরের বিভিন্ন মাঠে ধারাবাহিকভাবে ফুটবল ও ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন হওয়ায় ক্রীড়াঙ্গনে নতুন প্রাণচাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এসব আয়োজন তরুণ খেলোয়াড়দের প্রতিভা বিকাশের পাশাপাশি তাদের মাদক ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে ভূমিকা রাখবে বলে মনে করছেন স্থানীয় ক্রীড়ামোদীরা।

আয়োজকরা জানান, বিরামপুর প্রিমিয়ার ফুটবল লিগ শুধু একটি প্রতিযোগিতা নয়; এটি তরুণদের মাঠমুখী করা, মাদকমুক্ত সমাজ গঠন এবং বিরামপুরের ক্রীড়া ঐতিহ্যকে আরও সমৃদ্ধ করার একটি উদ্যোগ। পুরো টুর্নামেন্টে দর্শক ও ক্রীড়াপ্রেমীদের সহযোগিতা প্রত্যাশা করেন তারা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।