আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও বিশিষ্ট শিক্ষাবিদ আলহাজ্ব অধ্যাপক মাওলানা আব্দুল মান্নান ইন্তেকাল করেছেন।
শুক্রবার (১৪ আগস্ট) দুপুর ২টা ২৫ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দীর্ঘদিন ধরে তিনি হাসপাতাল ও নিজ বাড়িতে চিকিৎসাধীন ছিলেন।
মাওলানা আব্দুল মান্নান রাজনীতির পাশাপাশি ইউপি চেয়ারম্যানের দায়িত্ব পালন, শিক্ষকতা ও সমাজসেবায় যুক্ত ছিলেন। দায়িত্ব পালনকালে তিনি সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে এলাকায় সুনাম অর্জন করেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার মাগরিবের নামাজের পর সাতক্ষীরা আলিয়া মাদ্রাসা মাঠে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। শনিবার সকালে প্রতাপনগর আবুবকর সিদ্দিক (রাঃ) মাদ্রাসা মাঠে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করে মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন এমপি হাফেজ রবিউল বাশার, উপজেলা জামায়াতের আমির আবু মুছা তারিকুজ্জামান তুষার ও সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা আনওয়ারুল হক।
শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, অধ্যাপক মাওলানা আব্দুল মান্নান একজন সৎ, আদর্শবান ও নিবেদিতপ্রাণ ইসলামী আন্দোলনের কর্মী ছিলেন। তিনি দীর্ঘদিন শিক্ষা, সমাজসেবা ও দ্বীনের খেদমতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তাঁর মৃত্যুতে উপজেলা জামায়াতে ইসলামী একজন অভিজ্ঞ, বিজ্ঞ ও জনদরদী অভিভাবককে হারিয়েছে।

