স্টাফ রিপোর্টার, নড়াইল
নড়াইলে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে প্রাইভেটকারের ধাক্কায় আল-আমিন (১৭) নামে এক কিশোর নিহত হয়েছেন। এ ঘটনায় প্রাইভেটকারের চালকসহ চারজন গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (১৪ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে কালনা-নড়াইল-বেনাপোল মহাসড়কের নড়াইল সদর উপজেলার সীতারামপুরের বাঁশভিটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আল-আমিন যশোরের কোতোয়ালি থানার খোলাডাঙ্গা গ্রামের মফিজ শেখের ছেলে। তিনি দুর্ঘটনাকবলিত ট্রাকটির হেলপার হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, সীতারামপুরের বাঁশভিটা এলাকায় একটি ট্রাক রাস্তার পাশে দাঁড় করিয়ে চাকা পরিবর্তনের কাজ চলছিল। এ সময় যশোর থেকে ঢাকাগামী একটি দ্রুতগতির প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটির পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই ট্রাকের হেলপার আল-আমিন মারা যান।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে আহতদের উদ্ধার করে নড়াইল আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক ডা. অলোক কুমার বাগচী আল-আমিনকে মৃত ঘোষণা করেন। আহত চারজনকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রাতেই ঢাকায় পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় জানা যায়নি।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুন্ডু শনিবার (১৫ আগস্ট) সকালে জানান, দুর্ঘটনায় ট্রাকের হেলপার আল-আমিন নিহত হয়েছেন। প্রাইভেটকারে থাকা চারজন আহত হয়েছেন। আইনগত প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

