আর.কে. বাপ্পা, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার দেবহাটায় পুলিশের অভিযানে ২৫ গ্রাম গাঁজাসহ আব্দুর রাজ্জাক গাজী (৫৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আলিমের নেতৃত্বে শনিবার (১৫ আগস্ট) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় থানার এসআই সাহিদুল আলম, এসআই হান্নান মিয়া ও এএসআই সাগর আলী সঙ্গীয় ফোর্সসহ কুলিয়া বাজারসংলগ্ন করিম মার্কেটের সামনে পাকা সড়কে অভিযান চালান। সেখান থেকে ২৫ গ্রাম গাঁজাসহ আব্দুর রাজ্জাক গাজীকে আটক করা হয়।
আটক আব্দুর রাজ্জাক গাজী দেবহাটা উপজেলার উত্তর কুলিয়া গ্রামের মৃত আমান গাজীর ছেলে।
এ ঘটনায় এসআই সাহিদুল আলম বাদী হয়ে দেবহাটা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন। মামলাটি থানায় ৬ নম্বর মামলা হিসেবে নথিভুক্ত করা হয়েছে।
দেবহাটা থানার ওসি আব্দুল আলিম জানান, আটক ব্যক্তি একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে ইতিপূর্বে মাদকসহ বিভিন্ন অভিযোগে ৯টি মামলা রয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান চলমান রয়েছে। মাদক ব্যবসায়ী ও মাদকসেবী কাউকেই ছাড় দেওয়া হবে না।
তিনি আরও জানান, আটক আসামিকে রোববার (১৬ আগস্ট) আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

