ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহ শহরের মহিলা কলেজপাড়ায় মেসে বাজার করাকে কেন্দ্র করে বিরোধের জেরে রুমমেটের ছুরিকাঘাতে কাউসার আলী (২১) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় লিখন নামে এক কিশোরকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মহিলা কলেজপাড়ার একটি মেসে এ ঘটনা ঘটে।
নিহত কাউসার আলী হরিণাকুণ্ডু উপজেলার বৈঠাপাড়া গ্রামের বাসিন্দা। তিনি ঝিনাইদহ পলিটেকনিক ইনস্টিটিউটের কম্পিউটার সায়েন্স বিভাগের সপ্তম সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন। আটক লিখন সদর উপজেলার শৈলমারী গ্রামের বাসিন্দা এবং বাড়িবাথান মাদ্রাসার দশম শ্রেণির ছাত্র।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কাউসার ও লিখন একই মেসে থাকতেন। বৃহস্পতিবার সন্ধ্যায় মেসের বাজার করা নিয়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে কাউসার আলী লিখনকে থাপ্পড় দিলে সে ক্ষিপ্ত হয়ে পাশে থাকা একটি ছুরি দিয়ে কাউসারের পিঠে আঘাত করে। এ সময় দুজনের মধ্যে হাতাহাতি হলে লিখনও আহত হয়।
পরে স্থানীয়রা দুজনকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক কাউসার আলীকে মৃত ঘোষণা করেন।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত লিখনকে আটক করা হয়েছে এবং হত্যায় ব্যবহৃত ছুরিটিও উদ্ধার করা হয়েছে। ঘটনার বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

