নওগাঁ প্রতিনিধি
নওগাঁর সাপাহারে রুবেল হক (২৬) নামে এক গ্রাম পুলিশের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে উপজেলার গোয়ালা ইউনিয়নের গোয়ালা কদমডাঙ্গা গ্রামের একটি আমবাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত রুবেল হক গোয়ালা কদমডাঙ্গা গ্রামের আব্দুর রহমানের ছেলে। তিনি গোয়ালা ইউনিয়নে গ্রাম পুলিশ হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে রুবেল হক বাড়ি থেকে বের হয়ে যান। এরপর রাতে তিনি আর বাড়িতে ফিরে আসেননি। পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।
বুধবার সকাল আনুমানিক সাড়ে ৮টার দিকে স্থানীয় লোকজন গোয়ালা কদমডাঙ্গা গ্রামের আব্দুল বাকি’র আমবাগানের পশ্চিম পাশে রুবেল হককে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে সাপাহার থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

