শফিকুল ইসলাম সাফা, চিতলমারী
‘বাংলা কিউআরে লেনদেন করি, ক্যাশলেস বাংলাদেশ গড়ি’—এই স্লোগানকে সামনে রেখে বাগেরহাটের চিতলমারীতে ডিজিটাল লেনদেন জনপ্রিয়করণ ও ক্যাশলেস সমাজ গঠনের লক্ষ্যে ‘বাংলা কিউআর’ সম্প্রসারণ কার্যক্রম ও সচেতনতা ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) সকাল ১১টায় চিতলমারী উপজেলা পরিষদ মিলনায়তনে রাষ্ট্রীয় মালিকানাধীন অগ্রণী ব্যাংক পিএলসির চিতলমারী ও দেপাড়া শাখার যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অগ্রণী ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক ও বাগেরহাট অঞ্চল প্রধান মো. শরীফুল ইসলামের সভাপতিত্বে এবং সিনিয়র প্রিন্সিপাল অফিসার মনিময় কুমার হোড়ের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাদিজা আক্তার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চিতলমারী উপজেলা বিএনপির সভাপতি মো. আহসান হাবীব ঠান্ডু, চিতলমারী প্রেসক্লাবের সভাপতি মো. একরামুল হক মুন্সী ও মো. সাইফুল ইসলাম কচি।
সেমিনারে অন্যান্যের মধ্যে সোনালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, বেসিক ব্যাংক, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক, ইসলামী ব্যাংক ও পল্লী সঞ্চয় ব্যাংকের স্থানীয় শাখা ব্যবস্থাপকরা উপস্থিত ছিলেন।
বক্তারা ডিজিটাল লেনদেনের সুবিধা তুলে ধরে সাধারণ মানুষকে ‘বাংলা কিউআর’ ব্যবহারে উৎসাহিত করেন। পাশাপাশি নগদ অর্থের ব্যবহার কমিয়ে নিরাপদ ও আধুনিক ডিজিটাল লেনদেনের মাধ্যমে ক্যাশলেস বাংলাদেশ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

