ফেনী প্রতিনিধি
ফেনীতে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ মাহবুবউল করিমের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে ফেনী জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আল আমিন সরকার, ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা নাসরিন কান্তাসহ জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
মতবিনিময় সভায় সাংবাদিকদের পক্ষে বক্তব্য দেন চ্যানেল টোয়েন্টিফোর ও দৈনিক সমকালের জেলা প্রতিনিধি দিলদার হোসেন স্বপন, দৈনিক নয়াদিগন্তের জেলা প্রতিনিধি মোহাম্মদ শাহাদাত হোসেন এবং এসএ টিভির ফেনী জেলা প্রতিনিধি জাবেদ হোসাইন মামুনসহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
সভায় সাংবাদিকরা ফেনী জেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার চিত্র তুলে ধরেন। এ সময় মাদক ও চোরাচালান প্রতিরোধ, যানজট নিরসন, নাগরিকদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করাসহ বিভিন্ন বিষয়ে জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করা হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ মাহবুবউল করিম বলেন, ‘জেলা প্রশাসনের মূল কাজ হচ্ছে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় করা। যেকোনো ধরনের নাগরিক সেবা প্রাপ্তিতে যেন কোনো সমস্যা না হয়, আমরা সেভাবেই কাজ করি। বিভিন্ন বিষয়ে তদারকির দায়িত্ব জেলা প্রশাসনের। একজন নাগরিকের যে অধিকার ও সেবা পাওয়ার প্রয়োজন রয়েছে, তিনি যেন সব ধরনের সেবা নির্বিঘ্নে পান, সে ব্যবস্থা করার দায়িত্ব আমাদের। আমরা এ বিষয়ে কাজ করব।’
মতবিনিময় সভায় জেলার উন্নয়ন, জনসেবা ও বিভিন্ন সমস্যা সমাধানে প্রশাসন ও গণমাধ্যমের মধ্যে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।

