মো.জিহাদুল ইসলাম, কালিয়া (নড়াইল) প্রতিনিধি
নড়াইলের কালিয়ায় অসচ্ছল মানুষের জন্য বিনামূল্যে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। উপজেলার পিরোলী গ্রামের খানকাপাড়া সবুজ সংঘের উদ্যোগে এবং যশোরের আ-দ্বীন সখিনা মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগিতায় এ ক্যাম্পের আয়োজন করা হয়।
শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে দুপুর সাড়ে ১টা পর্যন্ত পিরোলী গ্রামের খানকাপাড়ায় আয়োজিত ক্যাম্পে বিপুলসংখ্যক মানুষ বিনামূল্যে চোখ পরীক্ষা ও চিকিৎসাসেবা নেন। প্রাথমিক পরীক্ষা ও যাচাই-বাছাই শেষে উন্নত চিকিৎসা ও অপারেশনের জন্য ৪৫ জন রোগীকে যশোরের আ-দ্বীন সখিনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, যশোরে যাতায়াতসহ রোগীদের সার্বিক সহযোগিতার দায়িত্বও সংগঠনের পক্ষ থেকে নেওয়া হয়েছে।
চক্ষু ক্যাম্পে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আ-দ্বীন সখিনা মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক শেখ রবিউল আলম। এছাড়া খানকাপাড়া সবুজ সংঘের উপদেষ্টা মাহমুদুল হক আবু জাফর (পীর সাহেব), সিনিয়র সহ-সভাপতি শেখ আলতাফ উদ্দিন, কালিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি গোলাম মোর্শেদ শেখসহ সংগঠনের নেতৃবৃন্দ ও স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন।
চিকিৎসাসেবা নিতে আসা কয়েকজন উপকারভোগী জানান, অর্থের অভাবে দীর্ঘদিন ধরে চোখের চিকিৎসা করাতে পারেননি তারা। বাড়ির কাছেই বিনামূল্যে চোখ পরীক্ষা ও চিকিৎসার সুযোগ পেয়ে তারা আনন্দিত। একই সঙ্গে যশোরে বিনামূল্যে অপারেশনের ব্যবস্থা করায় খানকাপাড়া সবুজ সংঘ ও আ-দ্বীন সখিনা মেডিকেল কলেজ হাসপাতালের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা।
খানকাপাড়া সবুজ সংঘের সাধারণ সম্পাদক তানভীর হাসান বাপ্পি বলেন, “গ্রামের অসচ্ছল মানুষের চোখের চিকিৎসার সুযোগ করে দিতেই আমাদের এ উদ্যোগ। ভবিষ্যতেও মানুষের কল্যাণে এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার চেষ্টা থাকবে।”

