সোহেল রানা বাবু, বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় এ প্লাস (A+) পাওয়া মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে বাগেরহাট শহরের জেলা পরিষদ অডিটোরিয়াম মিলনায়তনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বাগেরহাট জেলা শাখার উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ইসলামী ছাত্রশিবির বাগেরহাট জেলা শাখার সভাপতি আহমেদ আব্দুল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগাহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ এবং বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান খান।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী বাংলাদেশ বাগেরহাট জেলা শাখার নায়েবে আমির ও সাবেক শিবির নেতা অ্যাডভোকেট শেখ আঃ ওয়াদুদ, ছাত্রশিবিরের কেন্দ্রীয় কলেজ কার্যক্রম সম্পাদক ইউসুফ ইসলামী, জকসু ভিপি রিয়াজুল ইসলাম, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আবু সাঈদ শুনুসহ জেলা জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং সংবর্ধিত শিক্ষার্থীদের অভিভাবকরা।
অনুষ্ঠানে বাগেরহাট জেলার নয়টি উপজেলার এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় A+ প্রাপ্ত পাঁচ শতাধিক শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। এ সময় তাদের হাতে সম্মাননা স্মারক ও বিভিন্ন উপহার তুলে দেন অতিথিরা।
বক্তারা বলেন, শিক্ষার্থীদের ভালো ফলাফল শুধু তাদের ব্যক্তিগত অর্জন নয়; এটি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও দেশের জন্যও গর্বের বিষয়। ভবিষ্যতে আরও ভালো করতে শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম, সততা, নৈতিকতা ও সময়ের সঠিক ব্যবহারের ওপর গুরুত্ব দিতে হবে।
তারা আরও বলেন, শিক্ষাজীবনের পাশাপাশি শিক্ষার্থীদের নিজেদের দক্ষতা ও নেতৃত্বের গুণাবলি বিকাশ করতে হবে। দেশ ও সমাজের কল্যাণে নিজেদের মেধা ও যোগ্যতাকে কাজে লাগিয়ে ভবিষ্যতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তারা।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠনের বিভিন্ন দিক নিয়ে দিকনির্দেশনা দেওয়া হয়। ভবিষ্যৎ শিক্ষাজীবন ও কর্মজীবনে সঠিক সিদ্ধান্ত গ্রহণ এবং নিজেদের লক্ষ্য নির্ধারণের বিভিন্ন কৌশল নিয়েও আলোচনা করেন অতিথিরা।

