Nabadhara
ঢাকাশনিবার , ৫ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কুয়াকাটায় ভেসে এলো ৬ ফুট লম্বা মৃত বটলনোজ ডলফিন

অশোক মুখার্জি, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি 
সেপ্টেম্বর ৫, ২০২৬ ৩:২৭ অপরাহ্ণ
Link Copied!

অশোক মুখার্জি, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি 

পটুয়াখালীর কুয়াকাটা উপকূলের চর গঙ্গামতি এলাকায় জোয়ারের পানির সঙ্গে ভেসে এসেছে প্রায় ৬ ফুট লম্বা একটি মৃত বটলনোজ ডলফিন। শনিবার সকাল ১০টার দিকে স্থানীয় পরিবেশবাদী সংগঠন ‘উপকূল পরিবেশ রক্ষা আন্দোলন’-এর সদস্য আব্দুল জলিল ডলফিনটির মরদেহ দেখতে পান।

পরে খবর পেয়ে পরিবেশকর্মী, ডলফিন রক্ষা কমিটি, বন বিভাগ ও বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশনের (বিবিসিএফ) সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ডলফিনটির মরদেহ উদ্ধার করেন।

উদ্ধারের সময় দেখা যায়, দীর্ঘ সময় পানিতে থাকার কারণে ডলফিনটির শরীরের অধিকাংশ চামড়া উঠে গেছে। শরীরের বিভিন্ন স্থানে ক্ষতচিহ্নও রয়েছে। এছাড়া ডলফিনটির লেজে একটি দড়ি বাঁধা ছিল। এ ঘটনায় সামুদ্রিক প্রাণীর নিরাপত্তা ও মাছ ধরার জাল ব্যবস্থাপনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

পরিবেশকর্মীরা জানান, কুয়াকাটা উপকূলে জীবিত কিংবা মৃত ডলফিন, কচ্ছপ, রাজ কাঁকড়া ও অন্যান্য সামুদ্রিক প্রাণী উদ্ধারের সময় প্রায়ই শরীরের বিভিন্ন অংশে জালের টুকরা কিংবা দড়ি পাওয়া যায়। তবে উদ্ধার হওয়া ডলফিনটির মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্ত বা বৈজ্ঞানিক পরীক্ষা ছাড়া নিশ্চিতভাবে বলা সম্ভব নয়।

উপকূল পরিবেশ রক্ষা আন্দোলনের যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন রাজু বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই স্বেচ্ছাসেবকদের নিয়ে ঘটনাস্থলে গিয়ে ডলফিনটির মরদেহ উদ্ধার করা হয়। দীর্ঘ সময় পানিতে থাকার কারণে মরদেহটিতে দ্রুত পচন ধরেছিল। জনস্বাস্থ্য ও পরিবেশগত ঝুঁকি বিবেচনায় মরদেহটি নির্ধারিত স্থানে মাটিচাপা দেওয়া হয়েছে।

বিবিসিএফের সহ-সাংগঠনিক সম্পাদক কেএম বাচ্চু জানান, উদ্ধার হওয়া ডলফিনটি একটি পুরুষ বটলনোজ ডলফিন। বর্ষা মৌসুমে কুয়াকাটা উপকূলে মাঝেমধ্যে বিভিন্ন প্রজাতির মৃত সামুদ্রিক প্রাণী ভেসে আসে। গত কয়েক বছরে শুশুক, ইরাবতী ডলফিন, বটলনোজ ডলফিন, স্পিনার ডলফিন, তিমি ও বিভিন্ন প্রজাতির সামুদ্রিক কচ্ছপের মরদেহ পাওয়া গেছে।

কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির তথ্য অনুযায়ী, ২০২৩ সালে ১৫টি, ২০২৪ সালে ১০টি, ২০২৫ সালে ১৭টি এবং ২০২৬ সালে এখন পর্যন্ত ১৬টি মৃত ডলফিন কুয়াকাটা উপকূলে ভেসে এসেছে। সম্প্রতি কুয়াকাটা উপকূলে প্রায় ৬০ ফুট লম্বা দুটি তিমির মরদেহও পাওয়া যায়।

বিশেষজ্ঞদের মতে, মাছ ধরার জালে আটকা পড়ে শ্বাসরুদ্ধ হওয়া, নৌযানের আঘাত, প্লাস্টিক ও অন্যান্য বর্জ্য এবং তেল-রাসায়নিক দূষণসহ বিভিন্ন কারণে সামুদ্রিক প্রাণীর মৃত্যু হতে পারে। তবে প্রতিটি মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ে বৈজ্ঞানিক পরীক্ষা ও নিয়মিত গবেষণা প্রয়োজন।

ডলফিন রক্ষা কমিটির টিম লিডার রুমান ইমতিয়াজ তুষার বলেন, উপকূলীয় এলাকায় একের পর এক সামুদ্রিক প্রাণীর মৃত্যু বড় ধরনের সতর্কবার্তা। ডলফিন ও কচ্ছপ সামুদ্রিক বাস্তুতন্ত্রের গুরুত্বপূর্ণ অংশ। সামুদ্রিক প্রাণীর মৃত্যু রোধে সমন্বিত গবেষণা, নজরদারি, জেলেদের সচেতনতা এবং কার্যকর সংরক্ষণ ব্যবস্থা জোরদার করা জরুরি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।