স্টাফ রিপোর্টার, নড়াইল
নানা কর্মসূচির মধ্য দিয়ে নড়াইলে মহান মুক্তিযুদ্ধের অন্যতম বীর সেনানী বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদতবার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে নড়াইল জেলা প্রশাসন ও বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ ট্রাস্টের যৌথ উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে কর্মসূচির শুরুতে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি নূর মোহাম্মদ নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে বীরশ্রেষ্ঠের স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি ও পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখকে গার্ড অব অনার প্রদান করা হয়।
পরে তাঁর রুহের মাগফিরাত কামনা করে কোরআনখানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। শেষে স্মৃতিচারণমূলক আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নড়াইল জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান আলেক, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান, স্থানীয় সরকারের উপপরিচালক নাজমুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক আহসান মাহমুদ রাসেল, অতিরিক্ত পুলিশ সুপার নূরই আলম সিদ্দিকী এবং বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের জ্যেষ্ঠ পুত্র মোস্তফা কামাল।
এ ছাড়া স্থানীয় জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, সরকারি কর্মকর্তা-কর্মচারী ও সুশীল সমাজের প্রতিনিধিরা কর্মসূচিতে অংশ নেন।
উল্লেখ্য, ১৯৭১ সালের ৫ সেপ্টেম্বর যশোরের গোয়ালহাটি গ্রামে পাকিস্তানি হানাদার বাহিনীর সঙ্গে সম্মুখযুদ্ধে সহযোদ্ধাদের জীবন বাঁচাতে গিয়ে বীরত্বের সঙ্গে লড়াই করে শহীদ হন ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ। মহান মুক্তিযুদ্ধে তাঁর অসামান্য বীরত্ব ও সর্বোচ্চ আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সরকার তাঁকে দেশের সর্বোচ্চ সামরিক সম্মাননা ‘বীরশ্রেষ্ঠ’ উপাধিতে ভূষিত করে।

