কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি
গোপালগঞ্জের কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে এক পল্লী ডেন্টাল চিকিৎসকের কাছে ২০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগে দুই যুবককে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয়রা।
শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার রাতইল ইউনিয়নের ঘোনাপাড়া বাজারে এ ঘটনা ঘটে।
আটক ব্যক্তিরা হলেন—কাশিয়ানী উপজেলার পারুলিয়া ইউনিয়নের ছোট পারুলিয়া গ্রামের বাদশা খানের ছেলে হারুন অর রশিদ খান (৩৮) এবং একই ইউনিয়নের তিতাগ্রামের লিয়াকত মোল্যার ছেলে রবিউল ইসলাম (৩২)। তারা নিজেদের ‘দৈনিক স্বাধীন কাগজ’ পত্রিকার সাংবাদিক হিসেবে পরিচয় দেন। এ সময় তাদের কাছে ওই পত্রিকার দুটি পরিচয়পত্র পাওয়া গেছে বলে জানা গেছে।
স্থানীয়দের দাবি, ঘোনাপাড়া বাজারের পল্লী ডেন্টাল চিকিৎসক সাধন বিশ্বাসের সনদপত্র ভুয়া দাবি করে তাঁর কাছে ২০ হাজার টাকা চাঁদা দাবি করেন ওই দুই যুবক। টাকা না দিলে তাঁর ভিডিও ধারণ করে সংবাদ প্রকাশের হুমকি দেওয়া হয়।
বিষয়টি চিকিৎসক সাধন বিশ্বাস বাজারের ব্যবসায়ীদের জানালে স্থানীয়রা এগিয়ে আসেন। এ সময় হারুন অর রশিদ পালানোর চেষ্টা করলে স্থানীয়রা তাকে আটক করেন। পরে দুজনকেই পুলিশের কাছে সোপর্দ করা হয়।
পল্লী ডেন্টাল চিকিৎসক সাধন কুমার বিশ্বাস বলেন, ‘ওই দুই ব্যক্তি আমার চেম্বারে এসে ‘দৈনিক স্বাধীন কাগজ’ পত্রিকার সাংবাদিক পরিচয় দিয়ে আমার সনদপত্র দেখতে চান। পরে তারা আমার সনদপত্র ভুয়া বলে দাবি করেন। একপর্যায়ে আমার কাছে ২০ হাজার টাকা চাঁদা দাবি করেন। টাকা না দিলে ভিডিও ধারণ করে সংবাদ প্রকাশের হুমকি দেন। পরে বিষয়টি বাজার পরিচালনা কমিটির সভাপতিসহ স্থানীয়দের জানালে তারা এসে দুজনকে আটক করেন। খবর পেয়ে পুলিশ তাদের থানায় নিয়ে যায়।’
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মাহফুজুর রহমান বলেন, ‘সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগে স্থানীয়রা দুই ব্যক্তিকে আটক করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের থানায় নিয়ে আসে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

