পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ের বোদায় অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল ও একটি স্মার্টফোন জব্দ করা হয়।
শুক্রবার রাতে বোদা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের মডেল মসজিদসংলগ্ন বোদা-দেবীগঞ্জ হাইওয়ের পাশে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—বোদা উপজেলার সেনপাড়া, পাঁচপীর এলাকার হৃদয় ইসলাম (২২) ও মহেন রায় (২৩)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ জানতে পারে, দুই মাদক ব্যবসায়ী মোটরসাইকেলে করে ঠাকুরগাঁও থেকে গাঁজা নিয়ে বোদা বাইপাস হয়ে সাকোয়ার দিকে যাচ্ছেন। পরে পুলিশ সুপারের নির্দেশনায় ডিবির একটি দল বোদা-দেবীগঞ্জ হাইওয়ের পাশে অবস্থান নেয়।
রাত ৯টার কিছুক্ষণ পর সন্দেহজনক একটি মোটরসাইকেল থামিয়ে চালক হৃদয় ইসলাম ও পেছনে থাকা মহেন রায়কে হেফাজতে নেয় পুলিশ। পরে মোটরসাইকেলের মাঝখানে রাখা সাদা রঙের একটি প্লাস্টিকের বস্তায় তল্লাশি চালানো হয়।
তল্লাশির সময় পুরোনো কাপড়ের মধ্যে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা নীল পলিথিন ও কসটেপে মোড়ানো ১২টি পোটলা উদ্ধার করা হয়। পরিমাপক যন্ত্রে ওজন করে এসব পোটলায় মোট ১২ কেজি গাঁজা পাওয়া যায়।
পুলিশ ১২ কেজি গাঁজা, একটি মোটরসাইকেল ও একটি স্মার্টফোন জব্দ করে। রাত ৯টা ৩৫ মিনিটে উদ্ধার করা আলামত যথাযথভাবে জব্দ করা হয়।
পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুজনের মাদক ব্যবসার সঙ্গে সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। তাদের আরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে বোদা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পঞ্চগড় জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

