নওগাঁ প্রতিনিধি
নওগাঁ সদর উপজেলার পয়না বাজারে কম্পিউটার ও প্রিন্টারের মাধ্যমে জাল টাকা তৈরির অভিযোগে তারিকুল ইসলাম মল্লিক (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় তার কাছ থেকে ৪৭টি এক হাজার টাকার জাল নোটসহ কম্পিউটার ও প্রিন্টিং সরঞ্জাম জব্দ করা হয়েছে।
রোববার (৬ সেপ্টেম্বর) বিকেল সোয়া ৩টার দিকে পয়না বাজারে তারিকুল ইসলামের ‘মল্লিক ডিজিটাল স্টুডিও ল্যাব প্রিন্ট অ্যান্ড ফটোকপি টেলিকম’ নামের দোকানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় নওগাঁ সদর থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করছিল ডিবি পুলিশের একটি দল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে খবর পাওয়া যায়, পয়না বাজারের একটি দোকানে কম্পিউটার ও প্রিন্টারের মাধ্যমে জাল টাকা তৈরি করা হচ্ছে। পরে ডিবি পুলিশ সেখানে অভিযান চালায়।
অভিযানকালে উপস্থিত লোকজনের সামনে তারিকুল ইসলাম মল্লিকের দেহ তল্লাশি করে তার হেফাজত থেকে এক হাজার টাকা মূল্যমানের ৪৭টি জাল নোট উদ্ধার করা হয়। এছাড়া দোকান থেকে একটি কম্পিউটার মনিটর, দুটি সিপিইউ, একটি কালার প্রিন্টার ও একটি স্ক্যানার জব্দ করা হয়েছে।
নওগাঁ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান জানান, এ ঘটনায় তারিকুল ইসলাম মল্লিকের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে। জাল নোট তৈরির সঙ্গে আরও কেউ জড়িত কি না এবং এসব জাল নোটের মাধ্যমে বাজারে ছড়ানো হয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

