ওমর ফারুক, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর আত্রাইয়ে ২০২৬-২৭ অর্থবছরে রাজস্ব খাতের আওতায় পোনা মাছ অবমুক্তকরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে সিনিয়র উপজেলা মৎস্য দপ্তরের বাস্তবায়নে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
চলতি অর্থবছরে আত্রাই নদী, উপজেলা পরিষদ পুকুর, নৈ দিঘির গুচ্ছগ্রাম পুকুর, কাশিয়াবাড়ি গুচ্ছগ্রাম পুকুর ও মাগুরা-আকবরপুর আদর্শ গ্রাম পুকুরসহ মোট আটটি জলাশয়ে ২৭১ দশমিক ৪২ কেজি পোনা মাছ অবমুক্ত করা হয়েছে।
আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পোনা মাছ অবমুক্তকরণ কার্যক্রমের উদ্বোধন করেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এবং আত্রাই উপজেলা বিএনপির সভাপতি শেখ মো. রেজাউল ইসলাম রেজু।
এ সময় উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তসলিম উদ্দিন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাকসুদুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ প্রসেনজিৎ তালুকদার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবু আনাছ, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি জলিল চকলেট, যুগ্ম সম্পাদক আব্দুল মান্নান সরদার, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক খোরশেদ আলমসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে শেখ মো. রেজাউল ইসলাম রেজু বলেন, মাছের উৎপাদন বাড়ানো এবং প্রাকৃতিক জলাশয়ে মাছের বংশবৃদ্ধি বজায় রাখতে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। আত্রাই নদীর মতো প্রাকৃতিক জলাশয়ে পোনা মাছ অবমুক্তের মাধ্যমে স্থানীয়ভাবে মাছের চাহিদা পূরণে সহায়তা করবে এবং মৎস্যজীবীদের জীবিকায় ইতিবাচক প্রভাব ফেলবে।
তিনি অবমুক্ত করা পোনা মাছ রক্ষা এবং মাছ বড় হওয়ার সুযোগ দিতে সর্বস্তরের মানুষকে সচেতন হওয়ার আহ্বান জানান।

